বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাইকেল যাত্রা শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে ২ দিন ব্যপি। রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের নেতৃত্বে ৩১ জন নেতাকর্মী সাইকেলে করে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন। সোমবার (৫ মে) সকাল ৯ টায় ক্যাম্পাসের জোহা চত্বর থেকে ২ দিনের এই সাইকেল যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জানান, তারা সড়কপথে যাওয়ার সময় সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরবেন। বিশেষ করে কৃষক ও প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি ও তারেক রহমানের চিন্তা ভাবনা প্রচার করবেন।
সাইকেল যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের শিক্ষক নাঈম ফারুকী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।