রাজশাহীতে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম জেসমিন খাতুন ওরফে বিবিজান (৪২)। তিনি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মীরকামারী গ্রামের বেল্লাল হোসেনের স্ত্রী।
ঘটনার সূত্রে জানা যায়, পহেলা মে সকাল সাড়ে ৬টার দিকে আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে থানার একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে এক নারী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার এসআই মো. নাদিম উদ্দিন ও তাঁর টিম সকাল পৌনে ৭টায় ওই এলাকায় অভিযান চালিয়ে জেসমিন খাতুনকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আসামি জেসমিন খাতুনের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও মতিহার থানায় মাদক সংক্রান্ত ৩টি মামলা রয়েছে।গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: মে ৩, ২০২৫ | সময়: ৪:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর