, , ।
স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনের জনগণের ওপর নিপীড়ন ও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। নিবিচারে প্রতিদিনই হত্যা করা হচ্ছে শত শত মানুষ। নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে বসতবাড়ি। ইসরাইলি সৈন্যদের হামলায় রেহাই পাচ্ছে না নিরাপরাধ নারী, শিশু ও বৃদ্ধরাও। এমনকি বোমা মেরে উড়িয়ে দেয়া হচ্ছে হচ্ছে মসজিদ, গির্জা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানও। বর্বর এ হামলার প্রতিবাদে রাজশাহীজুড়ে বিক্ষোভ করেছে ছাত্র-শিক্ষক, সাধারণ জনগন থেকে বিভিন্ন সংগঠন।
গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ক্যাম্পাসের প্যারিস রোডে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ ও ইনিস্টিউটের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে এই কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দিন খান, বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মাসুদুল হাসান খান মুক্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীর বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমন্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে, আমেরিকান হাই কমিশনারকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার জবাবদিহি চাইতে হবে, কালবিলম্ব না করে পাসপোর্টে পুনরায় “এক্সেপ্ট ইজরাইল” কথাটি ফিরিয়ে আনতে হবে এবং ইজরাইলি পণ্যগুলোকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব, গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসন ও এই হত্যাযজ্ঞ দেখে বিশ্ববিদ্যালয়গুলো বসে থাকতে পারে না। ইসরায়েলের বিরুদ্ধে জনমত তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলো কাজ করতে পারে। তারই অংশ হিসেবে আমাদের এই সমাবেশ।
ফিলিস্তিনে মুসল্লীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। সোমবার সকাল থেকে নগরজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অংশগ্রহনে এ কর্মসূচী পালন করা হয়।
সকালে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজে সংহতি সমাবেশ করা হয়। এসব কর্মসূচীতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ছাড়াও মুসুল্লিরা অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে।
গণহত্যার দায়ে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানিয়ে তারা আরও বলেন, আমেরিকার মতো যেসব দেশ এমন গণহত্যা দেখেও নিশ্চুপ, তাদের বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো নীরবে গণহত্যার সমর্থন দিয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। অবিলম্বে মুসলিম দেশগুলোকে এককাতারে এসে এ গণহত্যার প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা।
জামায়াতে ইসলাম রাজশাহী মহানগর: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে সোমবার বিকাল ৫টায় গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সাহেব বাজার বড় মসজিদ হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, মহানগরীর সেক্রেটারি ইমরান নাজির। এসময় আরও উপস্থিত ছিলেন এনডিএফ এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক একেএম সরোয়ার জাহান প্রিন্স, তৌহিদুর রহমান সুইট, সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া, আমিনুল ইসলাম, কামরুজ্জামান সোহেল, ডাঃ হাসানুজ্জামান, সালাউদ্দিন আহমদ, হাফেজ নুরুজ্জামান, মাওলানা রুহুল আমিন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন থানার আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে ড. কেরামত আলী বলেন, মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইতিহাসের নিকৃষ্টভাবে একের পর এক হামলা চালিয়ে নারী শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরাইল গাজায় এই নির্মম বর্বরতা চালিয়ে যাচ্ছে। তাদের মদদ দিচ্ছে মানবতার বুলি আওড়ানো জাতিসংঘ ও আমেরিকা।
তিনি বলেন, সেখানে নিরাপরাধ নিষ্পাপ শিশুদের উপর যে বর্বরতা চালানো হচ্ছে তা চরম মানবধিকারের লঙ্ঘন। আমরা দেখছি, মানবতার ধোঁয়া উড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু ওআইসি আজ মৃতপ্রায়। এই নির্জীব ওআইসি আমাদের প্রয়োজন নেই। বিশ্ব মুসলিম নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ ও বর্বরতা বন্ধ এবং ফিলিস্তিনকে রক্ষার জন্য পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে অবিলম্বে ইসরাইল অভিমুখে মার্চ করুন এবং অবৈধ ইসরাইলকে গুঁড়িয়ে দিন। অন্যথায় আপনাদের এই নিষ্ক্রিয়তা, অলসতা একদিন আপনাদের ঘাড়েও চেপে বসবে।
তিনি ইহুদীবাদীদের সকল ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে দেশবাসী ও নতুন প্রজন্মকে ইসরায়েলি পন্য সহ যে সকল রাষ্ট্র তাদের মদদ দিচ্ছে তাদের পন্য বয়কট করার উদাত্ত আহ্বান জানান। তিনি দখলদার ইসরাইলী বাহিনীকে অস্ত্র সহ যেকোন ধরনের সহযোগিতা বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
বিপিএ: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহী শিশু চিকিৎসক সমিতি (বিপিএ) এর উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আসগার হোসেন, ড্যাব (ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এর জেলা শাখার সভাপতি ডাঃ ওয়াসিম হোসেন, ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি ডাঃ মোফাখখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের প্রিন্সিপাল খন্দকার মোঃ ফয়সাল আলম।
উপস্থিত ছিলেন রাজশাহী শিশু চিকিৎসক সমিতি (বিপিএ) এর সভাপতি অধ্যাপক ডাঃ সানাউল হক মিয়া, রাজশাহী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ মোঃ জহিরুল হক সহ চিকিৎসকবৃন্দ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়: গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অবস্থন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির সাথে সংহতি রেখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয় নি।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘আজ আমরা একত্রিত হয়ে ইজরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করছি।’
তিনি আরো বলেন, ‘গাজায় নিরীহ মানুষের ওপর বর্বোচিত হামলা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সবসময় ন্যায়, মানবতা ও শান্তির পক্ষে। আমরা গাজাবাসীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি এবং ইসরায়েলের এই নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানা”িছ।’
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দও প্রতিবাদ সভায় বক্তব্য দেন। অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা চলাকালে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
বাগমারা: গাজায় নীরহ ফিলিস্তিন নারী শিশুসহ নির্বিচারে গনহত্যার প্রতিবাদের ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বের শক্তিধর দেশ ও মুসলিমদের সংঘবদ্ধ করার লক্ষে সোমবার বিকেল সাড়ে চারটায় রাজশাহীর বাগমারায় উপজেলা জামায়াত ইসলাম ও বৈসম্য বিরোধী ছাত্রজনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাপতি অনুষ্ঠিত হয়। বাদ আছরের নামাজ শেষে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা ভবানীগঞ্জ বড় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে ভবানীগঞ্জ নিউ মার্কেট এলাকায় এক প্রতিবাদ সভায় মিলিত হয়। বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মাষ্টার আব্দুল আহাদ কবিরাজ, ডা. আব্দুল বারী, কামরুজ্জামান হারুন, অধ্যাপক ওহিদুল ইসলাম, ইব্রাহীম আলী, আশরাফুল ইসলাম আশিক, উপজেলা শিবির সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারী নাদিম মোস্তফা ও বৈসম্য বিরোধী ছাত্রজনতার পক্ষে শামিম, কাসেম বক্তব্য রাখেন। বক্তরা অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বের সকল মুসলিম দেশ গুলো সংঘবদ্ধ হওয়ার আহবান।
নাটোর: গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে নাটোরের সর্বস্তরের জনসাধারনের আয়োজনে প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একাত্বতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বার্থরক্ষা কমিটি, ইসলামী ছাত্রশিবির, জেলা বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিশ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে বিচার করতে হবে। আমরা যদি এখন থেকেই সচেতন না হয় এই হামলার প্রতিবাদ না করি তাহলে আমরাও হামলার শিকার হবো। আমাদেরকে ইসরাইল পণ্য বর্জন করতে হবে এবং তাদের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি সরকারকে বন্ধ করতে হবে।
নওগাঁ: ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে নওগাঁর সর্বস্তরের মানুষ। সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্তত ১০টি সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এসময় সমাবেশগুলো থেকে ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা শহিদ ফাহমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা ফিলিস্তিন ‘ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’ স্টপ জ্যানোসাইড সহ নানা স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশগ্রহণ করেন। এদিকে বেলা ১২টার দিকে নওগাঁ মেডিকেল কলেজের সামনে ক্লাস পরীক্ষা বর্জন করে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও যোহরের নামাজ শেষে শহরের মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামায়াতে ইসলামী। পরে শহরের মুক্তির মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ, আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ মাধমে তাদের বিচারের আওতায় এনে শাস্তির আহ্বান জানিয়ে ইসরাইলকে অর্থনৈতিকভাবে ধ্বংস করতে তাদের পণ্য বয়কটের ঘোষণা দেন সবাই।
গোমস্তাপুর: গোমস্তাপুরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। সোমবার বিকেলে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের উদ্যোগে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ গেট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারী মানিক রায়হান সহ জামায়াত সদস্যরা উপস্থিত ছিলেন।
গোদাগাড়ী: ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। সোমবার আসর নামাজের পার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে গোদাগাড়ী সদর স্বাধীন চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো নৃশংস গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর আব্দুল খালেক বলেন, গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোন মুসলিম দেশ সহ্য করতে পারে না। এই হামলা বন্ধ করতে বিশ্বের সকল দেশের মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিবাদ করতে হবে। তাছাড়া সকলকে ইসরায়েলি পণ্য বয়কোট করার কথা বলেন। গোদাগাড়ীতে এই মিছিলে হাজার হাজার মানুষ অংশ গ্রহন করার জন্য বক্তারা সকলকে ধন্যবাদ জানান তিনি। উপজেলা জামায়াতের আমির নোমায়ন মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আমীর প্রফেসর আব্দুল খালেক, গোদাগাড়ী পৌর আমির আনারুল ইসলাম, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর কামরুজ্জামান, রাজশাহী জেলা ছাত্রশিবিরের সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা সদর ছাত্রশিবির সভাপতি নাজমুল সাকিব।
আদমদীঘি: গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর উপজেলা সদরের মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড এলাকার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, জেলা জামায়াতের সদস্য এনামুল হক, সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টু, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিপন, যুব জামায়াত নেতা ফরিদুল ইসলাম, আহসান হাবীব তুহিন, আব্দুলমা লেক, শিক্ষক নেতা আইয়ুব আলী। এছাড়াও স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থতি ছিলেন।
আত্রাই: নওগাঁর আত্রাই উপজেলায় স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে দখলদার ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ গেটে গিয়ে সমাবেশে রূপ নেয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম। তিনি ফিলিস্তিনি বীরদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, ‘ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ফিলিস্তিনিরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়। আমরা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ কর’ ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে এলাকা। বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। ইসলামি আন্দোলন বাংলাদেশের নওগাঁ-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা আক্তারুজ্জামান, আত্রাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ওসমান গনি,সাবেক ছাত্র প্রতিনিধি তারেক আহমেদ সম্রাট উপস্থিত ছিলেন।
পত্নীতলা: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পত্নীতলায় সর্বস্তরের মুক্তিগামী তৌহিদী জনতার আয়োজনে নজিপুর বাস স্ট্যান্ডে সোমবার গাঁজাবাসীদের আহুত হরতালের সমর্থনের একটি বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাপি মজলুম গাঁজাবাসীদের আহুত হরতালের সমর্থনে উক্ত সমাবেশে ইসলামী আন্দোলন পত্নীতলা শাখার সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় হেফাজতে ইসলামী বাংলাদেশ পত্নীতলা শাখার সভাপতি ও নজিপুর দারুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আনোয়ার হোসেনের সভাপতিত্ব বক্তব্য রাখেন খেলাফতে মজলিস পত্নীতলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা শাখার সেক্রেটারি নাজিব উদ্দিন চৌধুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সেক্রেটারি মাওলানা বরকতউল্লাহ, জামায়াতে ইসলামী বাংলাদেশ পত্নীতলা শাখার সহ-সেক্রেটারি আখতার ফারুক, হেফাজতে ইসলামী বাংলাদেশ পত্নীতলা শাখার অর্থ সম্পাদক কারী ফজলুর রহমান, নওগাঁ জেলা পশ্চিমের তালিমুল কুরআন ফাউন্ডেশন এর উপদেষ্টা অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু সাঈদ, ছাত্র জনতার প্রতিনিধি মারুফ মোস্তফা, রাকিব হাসান।
শিবগঞ্জ: ফিলিস্তিনিদের উপর ইসরায়লের নৃশংস হামলার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকের প্রতি সংহতি জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় কয়েক শতাধিক শিক্ষার্থী, যুবক ও স্থানীয় জনসাধারণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সড়কে নেমে এসে বিক্ষোভ মিছিলে যোগ দেন। বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের পাশে দাঁড়াও, ইসরায়েলি হামলা বন্ধ কর ইত্যাদি স্লোগান দেন। এ সময় আয়োজকরা ইজরায়েল ও তাদের দোসরদের সকল পণ্য বয়কটের আহ্বান জানান। ইসরাইল বাহিনীর বর্বর হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বন্ধের আহ্বান জানানো হয়। এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনকারী আল বশরী সোহান, ফাইয়াজ রহমান তনয়, সাইমুন সাদাব ও আশিক শাহ নেওয়াজসহ অন্যরা। শেষে শিবগঞ্জ বাজারে ইসরায়লের বিভিন্ন পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দোকানের সামনে পোস্টার সাঁটানো হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী বর্বর গণহত্যা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল শেষে পৌর গেটের সামনে আয়োজিত পথসভায় জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারী আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন।