ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে বগুড়া চ্যাম্পিয়ন

ফয়সাল আলম: ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা দল। বুধবার (২৬ ফ্রেরুয়ারী) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বগুড়া জেলা দল ৯২ রানের বড় ব্যবধানে সিরাজগঞ্জ জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টসে হেরে বগুড়া জেলা দল প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৪ রান। দলের পক্ষে সিহাব আহম্মেদ সর্বোচ্চ ৪৩ ও তাহম্মেদ করিম ৩১ রান করেন। বিপক্ষ দলের আরিফ হাসনাত ৩৬ রানে ৪টি ও জাহিদ ১৯ রানে ৩টি উইকেট নেন। সিরাজগঞ্জ জেলা দল ব্যাট করতে নেমে ২২.৪ ওভারে মাত্র ৫২ রানেই গুটিয়ে যায়।
দলের পক্ষে আল জিয়াদি সর্বোচ্চ ১২ রান করেন বিপক্ষ দলের সিহাব ১৬ রানে ৬টি ও সামস তৌফিক ১০ রানে ২টি উইকেট নেন। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বগুড়ার সিয়াব।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ জাকিউল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা করলে মন ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে। তাই এর থেকে পিছু হটা যাবে না। আর খেলাধুলার উন্নয়নের জন্য জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার।
এ সময় বিভাগীয় সিলেক্টর ও প্রাক্তন ক্রিকেটার শহীদ শাহ নেওয়াজ শানু, হকি ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মোঃ তৌফিকুর রহমান রতনসহ দলীয় খেলোয়াড় ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫ | সময়: ৮:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ