সর্বশেষ সংবাদ :

ক্ষতিগ্রস্ত বাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনা কর্মকর্তাগণ

স্টাফ রিপোর্টার,বাঘা: সরকার পতনের পর থেকে গত কয়েকদিনে যে সকল এলাকায় বাড়ি-ঘর ও দোকান-পাট ভাংচুর হয়েছে তা পরিদর্শন শুরু হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেনা কর্মকর্তাদের সাথে নিয়ে এসব ঝুকিপূর্ণ এলাকা পরিদর্শন সহ টহল কার্যক্রম শুরু করছেন।

 

উল্লেখ্য গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার পদত্যাগের মধ্যদিয়ে দেশত্যাগ করেন। এরপর দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক আক্রোশে মানুষের বাড়ি-ঘর ও সংবাদ পত্রের অফিস-সহ ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর শুরু হয়। একই সাথে ধর্মীয় ও জাতিগত সহিংসতার বেশ কিছু ঘটনা ঘটে। যার ব্যত্যয় ঘটেনি রাজশাহীর বাঘায়। তবে পরবর্তীতে এ ঘটনা কোনো ভাবেই কাম্য নয় বলে হুশিয়ারী দিয়েছেন রাজনৈতিক সংগঠনের জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

রাজনৈতিক নেতারা বলেছেন, বাংলাদেশে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। এই সম্প্রীতি কোনো ভাবেই নষ্ট করা যাবে না। তাই দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ধরনের সহিংসতা পরিহার করে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

 

 

এদিকে রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যের পরও জনমনে রয়েছে ব্যপক আতঙ্ক। আর এ আতঙ্ক কাটাতে বাঘা উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, মোড় এবং ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি পরিদর্শন-সহ টহলে নেমেছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোসা: সাবিহা সুলতানা ডলি-সহ সেনা কর্মকর্তাগণ। এর ফলে মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 18, 2024 | সময়: 8:01 pm | Daily Sunshine