বাবরের সঙ্গে বাদ পড়লেন শাহীন, নাসিমও

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য বড় ধরনের পরিবর্তনই এনেছে পাকিস্তান। বাবর আজমের সঙ্গে বাদ পড়েছেন পেসার শাহীন আফ্রিদি ও নাসিম শাহ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক ফর্ম ও ফিটনেস বিবেচনায় নিয়ে তিন খেলোয়াড়কে বাকি দুই টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।
তিন হাই প্রোফাইল ক্রিকেটারকে বাদ পড়া আলোচনার জন্ম দিলেও সেটা মোটেও অপ্রত্যাশিত ছিল না। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে বিব্রতকর হারের পর অধিনায়ক শান মাসুদ বোলারদের সমালোচনা করেছিলেন। তার পর বেশ কিছু পরিবর্তন ছিল প্রত্যাশিত। তবে কোচ ও অধিনায়ক দলের ধারাবাহিকতা ধরে রাখার পক্ষে ছিলেন। কিন্তু নব গঠিত নির্বাচক কমিটি দায়িত্ব পেয়েই পরিবর্তন এনে নতুন দল ঘোষণা করেছে।
মুলতানে দ্বিতীয় টেস্ট শুরু ১৫ অক্টোবর। তার পর রাওয়ালপিন্ডিতে তৃতীয় টেস্ট শুরু ২৪ অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মেহরান মুমতাজ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, নোমান আলী, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আগা, জাহিদ মাহমুদ ও মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক)।


প্রকাশিত: October 14, 2024 | সময়: 4:52 am | সুমন শেখ

আরও খবর