রাজশাহীতে আজ ‘রান ফর পদ্মা’, অংশ নেবেন সাড়ে ৫০০ দৌড়বিদ

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর পদ্মা-গঙ্গা বাঁচান’ মিনি ম্যারাথন।
শুক্রবার (৩ জুলাই) সকাল ছয়টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চ থেকে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই দৌড় শুরু হবে। মিনি ম্যারাথনকে সামনে রেখে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রাজশাহী শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের মধ্যে টি-শার্ট ও কিটস বিতরণ করা হয়। এ সময় মিনি ম্যারাথনের লক্ষ্য, উদ্দেশ্য, রুট ম্যাপ ও সার্বিক প্রস্তুতির বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে টি-শার্ট ও কিটস বিতরণ করেন- ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, উপদেষ্টা ও শাহ মখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফাসহ আয়োজক কমিটির সদস্যরা।
আয়োজকেরা জানিয়েছেন, মিনি ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হবে। এতে বিভিন্ন বয়সী প্রায় সাড়ে ৫০০ প্রতিযোগী অংশ নেবেন। তাঁদের মধ্যে ১৩৫ জন নারী অংশগ্রহণকারী রয়েছেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৫টায় লালনশাহ মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার। এরপর সকাল সাড়ে ৭টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলীর।
সংগঠনের উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন বলেন, ‘রান ফর পদ্মা শুধু রাজশাহীর আয়োজন নয়, এটি পুরো বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত একটি আন্দোলন। ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী বাঁচানোর দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই আমরা এ উদ্যোগ নিয়েছি।’
আয়োজকেরা বলেন, নদী রক্ষার দাবি শুধু পরিবেশগত বিষয় নয়; এটি কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও ভবিষ্যৎ অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষকে নদী রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করতেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।


প্রকাশিত: জুলাই ৩, ২০২৬ | সময়: ৪:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ