বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি ৬ দিনের জন্য বন্ধ থাকবে।
ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সাপ্তাহিক ছুটিসহ বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত এ বন্দরের সব ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
সোনা মসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ বুধবার থেকে সোমবার পর্যন্ত ৬দিন মহদিপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে।
সোনা মসজিদ স্থলবন্দর পূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।