বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: এক দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালসহ সারাদেশের হাসপাতাল ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে বিক্ষোভ সমাবেশ করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতারা। তবে, দাবি মেনে নেওয়ার আশ্বাসে সারা দেশে আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম। মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় ঢাকা নার্সিং কলেজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ড. মো. শরিফুল ইসলাম বলেন, আজ স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা তিন সদস্যদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছি। আলোচনা সন্তোষজনক ফলপ্রসূ হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন পরিচালক পদে নার্সদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের প্রধান করা হবে এবং তিনি না তার মনোনীত ব্যক্তিকে নির্বাচন করে পদায়ন করবেন। পরে মহাপরিচালক পদে নার্সদের মধ্য থেকে পদায়ন করবেন বলে আশ্বস্ত করেছেন।
তিনি জানান, স্বাস্থ্য উপদেষ্টা এও বলেছেন পরবর্তীতে যাতে আপনাদের মধ্য থেকে মহাপরিচালক পদে যেতে পারেন নিয়োগবিধি ও অর্গানোগ্রাম একটি কমিটি তৈরি করা হয়েছে সেখানে আপনাদের কমিটিতে রাখা হবে। পরবর্তী সময়ে ডি জি এন এম থেকে একটি নিয়োগবিধি তৈরি হলে প্রধান উপদেষ্টাকে দিয়ে সেটি পাস করানো হবে।
তিনি আরো বলেন, আগামী (৩ অক্টোবর) বৃহস্পতিবার সারা দেশে আমাদের কর্মবিরতি স্থগিত করছি। আগামী দুই কর্ম দিবসের মধ্যে যদি মহাপরিচালক পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট পদে নার্সদের পদায়ন না দেওয়া হয় তাহলে পরবর্তীতে আমাদের কর্মসূচি ঘোষণা করবো।
এর আগে মঙ্গলবার সকালে কর্মবিরতী চলার সময় আন্দোলনকারীরা স্লোগানে বলেন, ‘দাবি মোদের একটাই’, ‘নার্সিং প্রশাসনে নার্স চাই’, ‘আমাদের আন্দোলন যোগ্য নার্সদের পদায়ন’, ‘বিএনএমসি এর সকল পদে যোগ্য নার্সদের প্রদায়ন হবে’ সহ নানা রকম স্লোগান দেন আন্দোলনরত সবাই।
এ সময় বক্তারা বলেন, আমরা আমাদের নার্সিং সেক্টরে কোনো রকম নন-নার্সিং সেক্টরের লোক চাই না। আমরা এমন প্রশাসনের অধীনস্থ হয়ে কাজ করতে চাই না। আমাদের একটাই দাবি সেটা হলো যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক পদে নার্সদের পদায়ন। ২০১৬ সাল থেকে আমাদের সঙ্গে এই বৈষম্য করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমাদের নার্সদের মধ্যেও অনেক উচ্চশিক্ষিতরা রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম হবে।
তারা আরও বলেন, আমরা আর দাসত্ব চাই না। নার্সরা স্বাধীনভাবে কাজ করতে চায়। তাই প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে আমাদের চাওয়া তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। এছাড়া নার্সদের বিসিএস চালু করার দাবি জানান আন্দোলনকারী নার্সরা। সেই সঙ্গে তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, এই কর্মসূচির ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখছেন সবাই। সবাই পালা ক্রমে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
নিয়াতপুর: নওগাঁর নিয়ামতপুরে পালিত হচ্ছে নার্সিং ও মিডওয়ারী সংস্কার পরিষদের উদ্যোগে কর্মবিরতি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিয়ামতপুরে নার্সদের ৩ ঘণ্টার কর্ম বিরতি পালিত হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদ নওগাঁ জেলার শাখার উদ্যোগে সকাল ১১ টায় সংগঠনের সদস্য ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং অফিসার মাহফুজ ইসলামের সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স স্টাফ ও নার্স ইনচার্জ তানজিলা আফরোজসহ নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
রাণীনগর: নওগাঁর রাণীনগরে নার্সিং মিডওয়াইফারিরা ৩ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে কর্মবিরতি চলাকালে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একদফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, সিনিয়র নার্স ইনচার্জ সালমা সুলতানা, নার্স সীমা আক্তার, ফেরদৌসি বেগম, আম্বিয়া খাতুন, সুরাইয়া আক্তার, মাহফুজা আক্তার শাম্মী আক্তার ও মুন্নি খন্দকার।
পত্নীতলা: পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে ৩দিন ব্যাপী কর্ম বিরতি কর্মসূচির ২য় দিনে মঙ্গলবার কর্ম বিরতি পালন করা হয়েছে। ১ দফা দাবিতে কর্মসূচির ১ম দিনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি চলাকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লার কার্যালয়ে একটি স্মারকলীপি প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, ২য় দিনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি চলাকালীন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র নার্স ইনচার্জ মিনতী রাণী, সুলতান বেগম, আব্দুর রউফ, রওশন আরা বেগম, পিয়াংকা শীল, রাশেদা বেগম, নাজমা বেগম, মমতাজ বানু, ফারহানা বেগম। কর্মসূচির ৩য় দিন সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ৫ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে তারা জানান।