অবশেষে রাজশাহীর খড়খড়ি হাটের ইজারা বাতিল

স্টাফ রিপোর্টার: অবশেষে রাজশাহী খড়খড়ি হাটের ইজারা বাতিল করেছে উপজেলা প্রশাসন। এর আগে গত ২৬ আগস্ট অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছিল হাটের ব্যবসায়ীরা। তদন্ত শেষে হাটের ইজারা বাতিল করে উপজেলা প্রশাসন।
রোববার পবা উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত স্বাক্ষরিত এক নোটিশে ইজারা বাতিল করা হয়। নোটিশে বলা হয়, ২৮ আগস্ট বুধবার উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় হাটের অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। এই কমিটি সরেজমিনে তদন্ত ও মতামত গ্রহণ করেন। বৃহস্পতিবার উপজেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটি। এরপর ইজারা বাতিল করে উপজেলা প্রশাসন।
নোটিশে আরও বলা হয়, অতিরিক্ত খাজনা আদায় করার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় ইজারাদার মেহেদী হাসান মুন্টুর ইজারাকৃত বাংলা ১৪৩১ সনের খড়খড়ি হাটের ইজারার জমাকৃত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এখন থেকে সরকারিভাবে খাস আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ বিষয়ে কথা বলার জন্য খড়খড়ি হাটের ইজারাদার মেহেদী হাসান মুন্টুর নম্বরে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। তাই কথা বলা সম্ভব হয়নি।
পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, হাটের ব্যবসায়ীরা আমাকে স্মারকলিপি দিয়েছিল। এরপর উপজেলা সভায় তদন্ত কমিটি করা হয়। সেই কমিটি অতিরিক্ত খাজনা আদায়ের সত্যাতা পায়। এরপর ইজারা বাতিল করা হয়। এখন থেকে প্রতিনিধির মাধ্যমে খড়খড়ি হাটের ইজারা নেওয়া হবে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪ | সময়: ৬:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর