, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া-ক্ষেতলাল উপজেলার ইটাখোলা সড়কের শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্টের পানি নিস্কাশনের পথ বন্ধ করে বসত বাড়ী নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে আসছে বর্ষা মৌসুমে ঐ এলাকার তিনটি মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শত শত বিঘা জমির ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকদের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর করা অভিযোগে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টি ভারহুত, গোয়ালপাড়া ও হরিপুর মাঠের পানি শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্ট দিয়ে হারাবতী নদীতে নিস্কাশিত হয়।
কিন্তু শিরট্টি গ্রামের আব্দুল আলীম নামে এক ব্যক্তি কালভার্ট দুটির পানি নিস্কাশনের মুখ বন্ধ করে পাকা বাড়ী নির্মাণ কাজ শুরু করেছেন। এতে করে উল্লেখিত মৌজায় মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
শিরট্টি গ্রামের কৃষক মতিয়ার রহমান, মিজানুর রহমান, তোজাম্মেল সহ একাধিক কৃষক জানান, এই মাঠগুলোতে আলু, তরমুজ, ধান সহ বিভিন্ন ফসল চাষ করা হয়। অধিক বৃষ্টি হলে মাঠের পানি বেড় হওয়ার একমাত্র পথ এই কালভার্ট। সেটিই বন্ধ হলে কৃষকরা পথে বসবে।
এ বিষয়ে আব্দুল আলীম বলেন, আমি সরকারী নিয়ম অনুসরণ করে ৩ ফিট জায়গা ছেড়ে দিয়ে বসত বাড়ী নির্মাণ করছি। এখানে পানি নিস্কাশনের পথ বন্ধ হওয়ার কোন সুযোগই নেই।