বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মিজানুর রহমান নামে এক র্যাব সদস্যের বিরুদ্ধে বাদশা মিয়া নামে এক প্রতিবন্ধীর জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ করা হয়েছে। শনিবার উপজেলার আহম্মেদপুর গ্রামে বাদশা মিয়ার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এর আগে প্রতিকার চেয়ে ইউএনও, বড়াইগ্রাম থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন বাদশা মিয়া।
বাদশা মিয়া উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর গ্রামের রাজা এ সালামের ছেলে। অভিযুক্ত মিজানুর রহমান উপজেলার বালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসাবে র্যাবে কর্মরত রয়েছেন।
লিখিত বক্তব্যে বাদশা মিয়া বলেন, আমার দাদার কেনা জমি ৩৫ বছর যাবৎ ভোগ দখল করে আসছি। মিজানুর সেই জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে। আমি পুলিশ ও র্যাব হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ করি। কিন্তু পুলিশী ও রাজনৈতিক প্রভাবের কারণে অভিযোগ করেও কোন ফল পাইনি। আমার প্রতিপক্ষ পুলিশ সদস্য হওয়ায় এলাকার যে কেউ আমার পক্ষে কথা বললে তাকে হুমকি দেয়। সাংবাদিকরা নিউজ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এমনকি আমাকে মিথ্যা মামলা দেওয়াসহ নানা ভাবে হুমকি দেয়। আমি এসব বিষয়ে থানায় জিডি করেছি।
এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, আমি আমার কেনা জমিতে বাড়ি করেছি। কোন অনিয়ম করা হয় নাই। ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।