, , ।
সানশাইন ডেস্ক: মূল্যস্ফীতির চাপ আর অর্থনীতির বাস্তবতায় নতুন বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি থাকলেও তাতে সাড়া দেননি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে কর ধাপে পরিবর্তন এনে তিনি মধ্যম সারির করদাতাদের কিছুটা ছাড় দিয়েছেন। আর বেশি আয় যারা করেন, তাদের কাছ থেকে আরো বেশি কর আদায়ের জন্য কর ধাপ ছয়টি থেকে বাড়িয়ে সাতটি করার প্রস্তাব করেছেন।
বৃহস্পতিবার উত্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা গতবারের মতই সাড়ে ৩ লাখ টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। অর্থাৎ, এবারও সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনো কর দিতে হবে না। নারী, প্রবীণ নাগরিক, শারীরিকভাবে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের সদস্য এবং গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও করমুক্ত আয়ের সীমার গত বছরের মত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
অর্থাৎ নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য করমুক্ত আয় সীমা ৪ লাখ টাকা, প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে ৪ লাখ ৭৫ হাজার টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ৫ লাখ টাকা এবং তৃতীয় লিঙ্গের করদাতাদের ক্ষেত্রে ৪ লাখ ৭৫ হাজার টাকাই থাকছে। এছাড়া, কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে প্রত্যেক সন্তান পোষ্যের জন্য করমুক্ত আয় সীমা আরও ৫০ হাজার টাকা বেশি হবে বলে বাজেট বক্তৃতায় প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।
সেই সঙ্গে স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য সর্বনিম্ন করহার আগের মত ৫ শতাংশ রেখেছেন অর্থমন্ত্রী। করহারের ধাপে কিছুটা পরিবর্তন এনে সর্বোচ্চ করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বাজেটে। বাজেট প্রস্তাব অনুযায়ী, সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। পরবর্তী ১ লাখ টাকা আয়ে কর দিতে হবে ৫ শতাংশ হারে।
আগে সাড়ে ৪ লাখ টাকা পরবর্তী ৩ লাখ টাকা আয়ের উপর ১০ শতাংশ হারে কর দেওয়া লাগত। এখন সাড়ে ৪ লাখ টাকা পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত আয়ে ওই হারে কর দিতে হবে। পরের ধাপে সাড়ে ৮ লাখ টাকা পরবর্তী ৫ লাখ টাকার আয়ের জন্য কর দিতে হবে ১৫ শতাংশ হারে। এখন সাড়ে ৭ লাখ টাকা পরবর্তী ৪ লাখ টাকার উপরে ১৫ শতাংশ হারে কর দিতে হয়।
২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুযায়ী সাড়ে ১১ লাখ টাকা পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০ শতাংশ হারে কর দিতে হয়। তার পরবর্তী যে কোনো আয়ের উপর ২৫ শতাংশ হারে কর দেওয়া লাগে। এবার এরসঙ্গে নতুন ধাপ যুক্ত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী মাহমুদ আলী।
সে হিসাবে সাড়ে ১৩ লাখ টাকা পরবর্তী ৫ লাখ টাকার জন্য আয়কর দিতে হবে ২০ শতাংশ হারে। এরপর সাড়ে ১৮ লাখ পরবর্তী ২০ লাখ টাকা পর্যন্ত উপর আয়কর দিতে হবে ২৫ শতাংশ হারে। সাড়ে ৩৮ লাখ পরবর্তী অবশিষ্ট যে কোনো পরিমাণ আয়ের উপর কর দিতে হবে ৩০ শতাংশ হারে।
কোম্পানি করদাতা ছাড়া অন্য করদাতাদের ক্ষেত্রে ন্যূনতম কর আগের মতই ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৫ হাজার টাকা, অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ৪ হাজার টাকা এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩ হাজার টাকা থাকছে।