রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে বৃত্তি প্রদান

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে বুধবার বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে বিভাগের ফজলুল হালিম চৌধুরী গ্যালারিতে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম। বিভাগের সভাপতি প্রফেসর মো. রিজাউল করিম শেখের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ তৌফিক আলম।
এই অনুষ্ঠানে বিভাগের স্নাতক পর্যায়ে অধ্যায়নরত ৩৯ জন অসচ্ছল শিক্ষার্থীকে ‘সানজিদা রহমান স্কলারশিপ’ ও ১৭ জন অসচ্ছল শিক্ষার্থীকে ‘প্রফেসর এম আনিছুর রহমান স্কলারশিপ’ এবং স্নাতকোত্তরে অধ্যায়নরত ৬ জন কৃতী শিক্ষার্থীকে ‘ইউএসএ-কানাডা মেরিট স্কলারশিপ’ প্রদান করা হয়। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম শিক্ষার্থীদের এসব বৃত্তি প্রদান করেন।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এই বৃত্তির সুযোগকে দায়িত্বশীলতার সাথে ব্যবহারের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, এসব বৃত্তি প্রদানের মাধ্যমে এই বিভাগের প্রতি বৃত্তিদাতাদের মমত্ববোধ ও উচ্চশিক্ষাকে উৎসাহিত করার আগ্রহ প্রকাশ পেয়েছে। প্রসঙ্গক্রমে উপাচার্য জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে যেসব উদ্ভাবনী গবেষণা হচ্ছে তার প্রতি দেশের অনেক প্রতিষ্ঠানের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আগামীতে দেশের বেশ কিছু শীর্ষস্থানীয় শিল্প, প্রযুক্তি ও চাকুরিদাতা প্রতিষ্ঠান রাবিতে আসবে বলে জানিয়েছে। এর মধ্যে দিয়ে ‘ইন্ড্রাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশন’-এ এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এই সুযোগের সদ্ব্যবহার করতে লেখাপড়ায় মনোযোগী হতে পরামর্শ দেন। এসব বৃত্তির জন্য যাঁরা অর্থ দান করেছেন তিনি তাঁদের ধন্যবাদ জ্ঞাপন ও এই দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসতে অন্যদের প্রতিও আহ্বান জানান। বিভাগের শিক্ষক ড. মো. ছাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


প্রকাশিত: October 15, 2026 | সময়: 4:58 am | সুমন শেখ