সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অপরাধে ইজারাদারকে জরিমানা

ইমাম হোসেন, ডিজিটাল :

রাজশাহীর পুঠিয়া উপজেলার বৃহত্তম বানেশ্বর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে।

 

একজন ছাগল বিক্রেতার নিকট হতে জোরপূর্বক ১৫০ টাকার খাজনা ৫০০ টাকা নেওয়ায় অতিরিক্ত খাজনা আদায়ের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বানেশ্বর হাট কর্তৃপক্ষ প্রতিনিধি জাহাঙ্গীরের বিরুদ্ধে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান মোবাইল কোর্ট।

 

এছাড়াও পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১২ টা হতে ২টা পর্যন্ত পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন  মুদিখানা দোকানের মূল্য তালিকা যথাযথভাবে হালনাগাদকরণ,ব্যাবসায়ীদের দ্রব্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

 

এসব বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, আমাদের এই বাজার মনিটরিং ব্যবস্থা চলমান থাকবে এবং বাজারে কোন প্রকার অনিয়ম ও ক্রেতাদের থেকেও অতিরিক্ত মূল্যে কোন কিছু বিক্রয়ের অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইন  কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সানশাইন/ইমাম/শামি


প্রকাশিত: March 4, 2025 | সময়: 7:10 pm | Daily Sunshine