, , ।
রাবি প্রতিনিধি: ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে হল সংসদ।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে শহীদ জিয়াউর রহমান হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মোজাম্মেল হকের নেতৃত্বে এ স্মারকলিপি জমা দেয় হল সংসদের নেতৃবৃন্দ।
হল সংসদের ৪টি আবেদন হলো, তদন্ত কমিটি কর্তৃক আরিফুলের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। গত ৪ অক্টোবর জিয়া হলে সংঘটিত হামলা, কক্ষ ভাঙচুর ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ। আরিফুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সমান বিচার, মতপ্রকাশের অধিকার এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ।
স্মারকলিপিতে হল সংসদ নেতৃবৃন্দ আরিফুলের ছাত্রত্ব বাতিলের সুপারিশকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও গঠনমূলক সমালোচনাকে সম্মান জানিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রমাণের মূল্যায়ন ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তায় ফেলে দেওয়া কাম্য নয়। আরিফুলের বিরুদ্ধে ফেসবুক পোস্টের বিষয়ে যে অভিযোগ উঠেছে তা যেন প্রচলিত বিধান অনুযায়ী বিবেচনা করা হয়। ব্যক্তি বা সংগঠনের পরিচয় বিবেচনা না করে সবার ক্ষেত্রে সমান বিচার নিশ্চিতের পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
স্মারকলিপি প্রদানের পর হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মোজাম্মেল বলেন, ‘আমরা আরিফুলের ফেসবুক পোস্টের সমালোচনার ভাষাকে সমর্থন করি না। তবে একটি পোস্টের জন্য একজন ছাত্রের ছাত্রত্ব বাতিল করা কখনোই যুক্তিযুক্ত হতে পারে না। উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছেন, সিন্ডিকেটে সকল সদস্যদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হবে এবং এটি পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে।’
উল্লেখ্য, গত ৪ অক্টোবর আরিফুলসহ রাকসু ও ছাত্রদল নেতাকর্মীদের পাল্টাপাল্টি উস্কানিমূলক ফেসবুক পেস্টের পর শহীদ জিয়ার রহমান হলে সাংবাদিকদের উপর হামলা ও আরিফুলের কক্ষ ভাংচুর করে ছাত্রদলের নেতাকর্মীরা।