গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের: আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে প্রশাসন পরিচালনা করব

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের কাশিয়াডাঙ্গাস্থ এক নম্বর ওয়ার্ডে সড়ক নম্বর সম্বলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি। উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
বুধবার সম্প্রতি রাজশাহীতে একজন ভবন মালিক কর্তৃক আরডিএ চেয়ারম্যানকে হুমকি প্রদান বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে-সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর একটাই নির্দেশনা, আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে প্রশাসন পরিচালনা করব। কেউ যদি ভবন নির্মাণের সময় আইন বহির্ভূত কাজ করে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এসময় সড়ক নম্বর সম্বলিত পিলার স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে আরডিএ চেয়ারম্যান বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর পিলার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে নম্বর সম্বলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। অচিরেই পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর পর মন্ত্রী কাশিয়াডাঙ্গস্থ রেল ক্রসিং সংলগ্ন প্রান্তিক আবাসিক এলাকা উদ্বোধন করেন। সেখানে তিনি একটি আম গাছের চারা রোপণ করেন এবং প্রান্তিক আবাসিক এলাকার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
পরে, মন্ত্রী রুয়েট থেকে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপণ করেন এবং রাজশাহী নগরীতে চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।
এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: October 15, 2026 | সময়: 5:00 am | সুমন শেখ