বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গোয়াল ঘরে গরুকে গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সৈকত হোসেন (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার শেষ বিকালে বাড়ির গোয়ালঘরে গরুকে গোসল করানোর জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে ত্রুটিপূর্ণ সংযোগ থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
নিহত সৈকত হোসেন উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ফজলুল হকের ছেলে এবং বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের স্নাতক শ্রেণির ছাত্র।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর ইসলাম সিদ্দিকী জানান, শনিবার শেষ বিকালে সৈকত নিজের খামারে গরুকে গোসল করাতে যান। এ সময় তিনি বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।