মোহনপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার, মোহনপুর: রাজশাহীর মোহনপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপের ভোটগ্রহণ উপলক্ষে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার হলরুম ও মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ। এসময় তিনি বলেন, সামান্য কোন কিছুর বিনিময়ে আপনারা দায়িত্ব পালন থেকে সরে আসবেন না। অনেক প্রিজাইডিং কর্মকর্তা প্রার্থীদের দ্বারা প্রভাবিত হয়ে অসৎ উদ্দেশ্যের কারণে জেল খেটেছে। আপনারাও আপনাদের পরিবার পরিজনের কথা ভাববেন। সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন। আজ বলছি আপনাদের পাশে আছি-ব্যত্যয় ঘটালে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সাইফুর রহমান (পিপিএম)। তিনি বলেন, কেউ কোন পক্ষপাতিত্ব করলে তাকে একচুল ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রের হাত অনেক লম্বা। আপনারা কারো দ্বারা প্রভাবিত হবেন না। অবাধ সুষ্ঠু ভোট উৎসবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা কঠোর অবস্থানে থাকবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সরকার অসীম কুমার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কে এইচ এম এরশাদ। এ সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নিবাচন কর্মকর্তা মশিউর রহমান, মোহনপুর উপজেলা কর্মকর্তা লুৎফর রহমান, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল প্রমুখ।


প্রকাশিত: মে ২০, ২০২৪ | সময়: ৪:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ