সর্বশেষ সংবাদ :

আইপিএলে ঝড় তুলে ভারতীয় দলে সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক: ধারাবাহিকভাবে দারুণ ব্যাটিং করে যাওয়া বৈভব সূর্যবংশীর জন্য ভারতীয় দলে ডাক পাওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। খুব বেশিদিন অপেক্ষা করতে হলো না এই ব্যাটারকে। সূর্যবংশীকে রেখেই ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে টিন-টোয়েন্টি সিরিজ এবং এশিয়ান কাপের জন্য দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সদ্য শেষ হওয়া আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১৬ ইনিংসে ৭৭৬ রান করেছেন সূর্যবংশী। স্ট্রাইকরেট ২৩৬.৫৮ এবং ব্যাটিং গড় ৪৮.৫০। এ ছাড়া গত দুই বছর ধরেই ভারতের বয়সভিত্তিক দল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও ধারাবাহিকভাবে রানের বন্যা বইয়ে দিচ্ছিলেন। অবশেষে জাতীয় দলের দরজা খুলে গেল সূর্যবংশীর।
ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো সূর্যকুমার যাদবের অনুপস্থিতি। তারকা ব্যাটার শুধু অধিনায়কত্বই হারাননি, দল থেকেও বাদ পড়েছেন। টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াশ আইয়ার।
দলে জায়গা পেয়েছেন আইপিএলের বেশ কয়েকজন আলোচিত পারফর্মার। নীতিশ রেড্ডি, প্রিন্স যাদব ও হর্ষিত রানা নিজেদের পারফরম্যান্সের সুবাদে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে জায়গা করে নিয়েছেন সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিভম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।
এশিয়ান গেমসের দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, যশপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিশান, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।


প্রকাশিত: জুন ৭, ২০২৬ | সময়: ৪:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ