রাবি অধ্যাপককে হত্যা চেষ্টা; আটক এক

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অধ্যাপকের গাড়ি পথরোধ করে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।পরে ভুক্তভোগী অধ্যাপক মতিহার থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে একজন অভিযুক্তকে আটক করে মতিহার থানা পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে রাজশাহী নগরীর তালাইমারী রুয়েট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অধ্যাপক হলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সৈয়দ মুহাম্মদ আলী রেজা (৫৩)।

 

অভিযুক্তরা হলেন, মো. মিনহাজ আবেদীন (৩৯)। এবং মো. মোসাদ্দেক হোসেন রাতুল (২৭)। উভয়ের বাসা রাজশাহীর তালাইমারী শহীদ মিনার এলাকায়।

মামলার ইজহারে বলা হয়েছে , রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিজ বাড়িতে ফেরার পথে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মূল ফটকের বিপরীতে মিষ্টিবাড়ি হোটেলের সামনে মো. মিনহাজ আবেদীন ও মো. মোসাদ্দেক হোসেন তাঁর গাড়ির সামনে এসে মোটরসাইকেল থামিয়ে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তাঁকে গাড়ি থেকে বের হতে বাধ্য করে এবং গাড়ি থেকে নামার পর এলোপাতাড়ি মুখে ও বুকে কিল-ঘুষি মেরে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

 

 

তিনি আরও উল্লেখ করেন, এসময় তাদের পিছু নিলে তারা মোটরসাইকেল থামিয়ে আবারও গালিগালাজ করে। তাদের মোটরসাইকেলের নাম্বার দেখতে গেলে একজন পালিয়ে যায় এবং অপরজন আবারও মারধর শুরু করে। এমতাবস্থায় উপস্থিত মানুষের সহযোগিতায় সেখান থেকে রক্ষা পায়। অভিযুক্তরা চলে যাওয়ার সময়ও প্রাণনাশের হুমকি দিয়ে যায় বলে উল্লেখ করেন তিনি।

 

 

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষক বলেন, আমার সাথে কেন এমন করেছে আমি জানিনা। আমি প্রতিবাদ করতে অভিযুক্তদের গাড়ির পিছু নিয়েছিলাম। কিন্তু তারা আবার আমাকে মারধর করে। এ ঘটনার পিছনে আসলে কারা আছে? কোনো মৌলবাদী দল যুক্ত আছে কিনা সেটা পুলিশ তদন্ত করে বের করবে। এখানে যারাই জড়িত থাকুক দেশের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হবে এটাই আমার চাওয়া।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ‘কাল রাতে এ ঘটনা শুনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে ভুক্তভোগী শিক্ষককে সাথে নিয়ে আমরা মতিহার থানায় মামলা দায়ের করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগী শিক্ষকের পাশে আছে বলে জানান তিনি।’

 

 

মামলার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ বলেন, কাল রাতে ভুক্তভোগী এ আমার থানায় মামলা দায়ের করেন। আমরা রাতেই অভিযান চালিয়ে একজনকে আটক করেছি। এবং দ্বিতীয় জনকে আটক করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি। কেন তারা এমন কর্মকান্ড করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সানশাইন / শামি


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪ | সময়: ৭:২৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর