, , ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে সহকর্মীকে ধর্ষণ ও ধর্ষণের ছবি ধারণ করার অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাকিব হোসেন ওরফে রয়েলকে (৩৩) কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ট্রাইবুন্যালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাকিব হোসেন জেলার সিংড়া উপজেলার মাদারীপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল সূত্রে জানা যায়, সিংড়া থানার ধর্ষণ ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অভিযোগপত্রভূক্ত আসামি রাকিব হোসেন ওরফে রয়েল মঙ্গলবার দুপুরে ট্রাইবুন্যালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ভূক্তভোগী নারীও এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
ভূক্তভোগী নারীর পক্ষে সরকারি কৌঁসুলি আনিছুর রহমান জামিনের আবেদনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানী শেষে আদালত আসামি রাকিব হোসেনের জামিনের আবেদন নাকোচ করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা এই নারী সহকর্মীকে তার নির্জন কার্যালয়ে ডেকে নিয়ে দরজা বন্ধ করে আটকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ছবি নিজেই ভিডিও করে রাখেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারী কর্মকর্তাকে তিনি অনেক বার ধর্ষণ করেন।
এক পর্যায়ে তিনি তার ধারণ করা ভিডিওটি কয়েকজনকে দেখার জন্য মোবাইল ফোনে পাঠিয়ে দেন। তখন ভূক্তভোগী ওই নারী কর্মকর্তা বাধ্য হয়ে সিংড়া থানায় ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা তদন্তের সময় তদন্ত কর্মকর্তা আসামি পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাকিব হোসেনের হেফাজত থেকে পর্ণছবিসহ মোবাইল ফোন জব্দ করেন এবং সিআইডি কার্যালয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠান। ফরেনসিক পরীক্ষায় মোবাইল ফোনে পর্ণছবি পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদন দেওয়া হয়।
তদন্তকারি কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক আব্দুর রহিম গত ২৮ জুলাই আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রটি আদালত আমলে নেন। মঙ্গলবার আসামি পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাকিব হোসেন বিচারিক ট্রাইবুন্যাল হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নাকোচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান পরিকল্পনা কর্মকর্তা রাকিব হোসেনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।