সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে ফেনসিডিল, গাঁজা ও এ্যাম্পলসহ মাদক সম্রাজ্ঞী শুটকি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৪ পিস এ্যাম্পল, ১৫ পিস ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী রহিমা বেগম শুটকি’কে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে মাদক আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রহিমা বেগম শুটকি উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার নজরুল ইসলামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে চা-বাগান মহল্লায় মাদক সম্রাজ্ঞী রহিমা বেগম শুটকি’র বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশি করে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৪ পিস এ্যাম্পল ও ১৫ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে। এছাড়াও মাদক সম্রাজ্ঞী শুটকি’র নামে বিভিন্ন থানায় ১১ টি মাদক মামলা রয়েছে।

ওসি আরও জানান, অভিযানে শুকটি’র স্বামী নজরুল ইসলাম পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মাদকের সাথে সম্পৃক্ত থাকায় তাকেও মাদক আইনে মামলা দেওয়া হয়েছে বলে জানান তিনি।


প্রকাশিত: August 24, 2022 | সময়: 5:36 pm | Daily Sunshine