সর্বশেষ সংবাদ :

নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান: ২৮ অক্টোবরের আওয়ামী হত্যাকান্ড বিশ্ব ইতিহাসের বর্বরোচিত ঘটনা

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: ২০০৬ সালের ২৮ অক্টোবরের পৈশাচিক হত্যাকান্ড শুধু বাংলাদেশের ইতিহাসে নয় বরং বিশ ইতিহাসের এক বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ইনসাফ ও ন্যায়বিচারের স্বার্থে ২৮ অক্টোবর বিষয়ে আনীত সব মামলা পুনরুজ্জীবন করে দায়ীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি ২৮ অক্টোবর ও জুলাই বিপ্লবে সব হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি প্রশ্ন তোলেন, স্বাধীনতার ৪০ বছর পর রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় বিচার হতে পারে, তাহলে ২০ বছর আগে সংঘটিত এই পৈশাচিক হত্যাকান্ডের বিচার কেন হবে না ?
২৮ অক্টোবর বুধবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগের লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার ২০তম বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা আয়োজিত বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ২৮ অক্টোবরের হত্যাকান্ড ইতিহাসের সব নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। আধুনিক প্রযুক্তির কল্যাণে গোটা বিশ্ববাসীই তা প্রত্যক্ষ করেছে। খুনিরা প্রকাশ্য দিবালোকে রাজপথে পিটিয়ে মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি বরং লাশের ওপর নৃত্য করে পৈশাচিক আনন্দে মেতে ওঠে।
মূলত, ২০০৬ সালের আওয়ামী লীগের লগি- বৈঠার আন্দোলন কোনো নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন ছিল না বরং এ আন্দোলন ছিল মানুষ হত্যার আন্দোলন। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজেদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার করে নিয়েছে।
এর আগে বিকেলে মহিশালবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার প্রধান ফটকে সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেকে। বক্তব্য রাখেন, উপজেলা আমীর নোমায়ন আলী মাস্টার, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবাইদুল্লাহ, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. রেজ্জওয়ান, পৌর সেক্রেটারি শওকত আলী প্রমুখ।
সমাবেশ শেষে সন্ধ্যায় মহিশালবাড়ী পশুর হাটে ২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ড নিয়ে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে ও গুলি করে মানুষ হত্যার সেদিনের বাস্তব চিত্র, সংবাদমাধ্যমের ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ সংবলিত বিভিন্ন তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।


প্রকাশিত: October 29, 2026 | সময়: 4:57 am | সুমন শেখ