সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো এবং অসতর্কতার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনা রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিক, চালক, যাত্রী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নওগাঁ: নওগাঁ সার্কিট হাউস থেকে একটি রালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি ও এটিএন বাংলার সাংবাদিক রায়হান আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম,বিআরটিএ নওগাঁ সার্কেলের সরকারি পরিচালক রাশেদুজ্জামান, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সেতু , জেলা কৃষক দলের সভাপতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য মমিনুল হক চঞ্চল প্রমুখ বক্তব্য রাখেন।পরে প্রধান অতিথি চারজন চালককে ক্রেস্ট সার্টিফিকেট প্রদান করেন।
জয়পুরহাট: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ জয়পুরহাট জেলা সার্কেলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য রোড শো (র‌্যালি) বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন শেষে পুনরায় এক স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, জেলা সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলী রাজস খান, বিআরটিএ জয়পুরহাট জেলা সার্কেলের মোটর যান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিপলু প্রমুখ।


প্রকাশিত: October 29, 2026 | সময়: 4:59 am | সুমন শেখ