সর্বশেষ সংবাদ :

চিনি শিল্পে নতুন সম্ভাবনা: প্রধানমন্ত্রীর উদ্যোগে ৩৮ হাজার ৯৫০ আখচাষিকে প্রণোদনা

স্টাফ রিপোর্টার: দেশের আখচাষিদের জীবনমান উন্নয়ন ও চিনি শিল্পকে পুনরুজ্জীবিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের ৩৮ হাজার ৯৫০ জন আখচাষির কাছে প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। সরকারের এ উদ্যোগে আখচাষে আগ্রহ বাড়ার পাশাপাশি দেশের চিনি শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)।
বুধবার ঢাকায় বিএসএফআইসির সদর দপ্তরের বোর্ডরুমে সংস্থাটির জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসএফআইসির চেয়ারম্যান শামছুজ্জামান (সুরুজ)।
সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্রান্তিক আখচাষিদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আখের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ে প্রণোদনার অর্থ সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ফলে চিনি শিল্পের কাঁচামাল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ছে। সভায় বিএসএফআইসির চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগ দেশের চিনি শিল্প এবং লাখ লাখ আখচাষির জন্য বড় আশীর্বাদ। ৩৮ হাজার ৯৫০ জন আখচাষির হাতে সময়মতো প্রণোদনার অর্থ পৌঁছে দিয়ে কৃষকদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। চিনি শিল্পকে লাভজনক ও আধুনিক খাত হিসেবে গড়ে তুলতে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
সভায় সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) এবং পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ছাড়াও অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংস্থার সচিব, সিবিএ নেত্রীবৃন্দ, জিয়া পরিষদের নেতারা এবং কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন।
বিএসএফআইসি জানায়, সংস্থাটির পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক দক্ষতার মাধ্যমে সরকারের এ উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। আখচাষ বৃদ্ধি, আধুনিক কৃষিপ্রযুক্তির সম্প্রসারণ, চিনিকলগুলোর মাড়াই সক্ষমতা বৃদ্ধি এবং চাষিদের সরাসরি সহায়তা প্রদানের মাধ্যমে চিনি শিল্পের উন্নয়নে কাজ চলছে।
তারা জানান, সময়মতো আখের মূল্য ও প্রণোদনা পাওয়ায় চিনি কল-সংলগ্ন এলাকাগুলোতে আখ চাষে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এতে দেশের সামগ্রিক চিনি উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের দূরদর্শী নেতৃত্ব ও বিএসএফআইসির কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে দেশের চিনি শিল্পকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে সংস্থাটি।


প্রকাশিত: October 29, 2026 | সময়: 5:00 am | সুমন শেখ

আরও খবর