, , ।
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি কীটনাশকের দোকানের পেছনের ইটের দেয়াল কেটে প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার লোহাচুড়িয়া বাজারে মেসার্স আফিয়া ট্রেডার্স নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকানটির মালিক বেলায়েত হোসেন জানান, তিনি সিনজেনটা কোম্পানির খুচরা বিক্রেতা হিসেবে লোহাচুড়িয়া বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। শনিবার সারাদিনের ব্যবসায়িক কার্যক্রম শেষে দোকানে তালা লাগিয়ে তিনি বাড়িতে চলে যান। রোববার সকালে দোকান খুলতে এসে দেখেন, পেছনের ইটের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা দোকানে থাকা বিভিন্ন মালামাল নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।