সর্বশেষ সংবাদ :

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি উদ্ধোধন

স্পোর্টস ডেস্ক: বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহায়তা ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় রোববার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই টুর্নামেন্টের পর্দা উন্মোচিত হয়। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এমন আন্তর্জাতিক ক্রীড়া আসরের আয়োজক হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের এবং এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর পারস্পরিক আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন নতুন মাত্রায় পৌঁছে যাবে।
ক্রীড়াক্ষেত্রে নারীদের উত্তরোত্তর অগ্রগতি ও সার্বিক ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তরুণ সমাজকে গতিশীল করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে সার্বক্ষণিক নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের নারী ক্রীড়াবিদদের অধ্যবসায় ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মকে গভীরভাবে অনুপ্রাণিত করবে।’ বক্তব্যে তিনি সবকটি দলকেই সেরা নৈপুণ্য প্রদর্শন এবং খেলাধুলার প্রকৃত আদর্শ ও ক্রীড়াসুলভ মানসিকতা বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।


প্রকাশিত: October 19, 2026 | সময়: 4:28 am | সুমন শেখ