সর্বশেষ সংবাদ :

সৌদিতে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জন, নলডাঙ্গার ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে ১৬ জন প্রবাসী বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ আগুন লাগে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন মারা যাওয়ার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তার ভিতরে ১৩ জন নওগাঁর আত্রাইয়ের এবং ৩ জন নাটোরের নলডাঙ্গার বাসিন্দা বলে জানা গেছে।
আত্রাই: ১৬ জন বাংলাদেশিদের মধ্যে ১৩ জনই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের। ওই গ্রামগুলোতে চলছে এখন শোকের মাতম। ইতোমধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের বাড়ি পরিদর্শন করা হয়েছে।
নিতহরা হলেন পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে মিনহাজ, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ, একই গ্রামের বাদল হোসেনের ছেলে সুমন হোসেন, খরসতি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাগর হোসেন, সাধনগর গ্রামের মজনু মিয়ার ছেলে মজিদুল ইসলাম, কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের গুফফার রহমানের ২ ছেলে মোহন ও সুমন, একই গ্রামের জান্নার ছেলে রুবেল হোসেন, ফজলুর ছেলে কলিমুদ্দিন, শাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা গ্রামের হৃদয় ও শাহিন। এই মর্মান্তিক ঘটনায় উপজেলা জুড়ে চলছে শোকের মাতম।
এ ঘটনায় উক্ত কারখানার একমাত্র জীবিত কর্মী গন্ডগোহালি গ্রামের হাবিবুর রহমান জানান, আমি দুপুর আনুমানিক দেড়টার দিকে চুল কাটার জন্য ওই কারখানা থেকে বেরিয়ে যাই। ফিরে এসে কাখানাতে আগুন জলতে দেখি। এ কারখানাতে মোট ১৭ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। এ অগ্নিকান্ডের ঘটনায় ১৬ জনই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। একই সাথে তিনি আরও জানান, স্থানীয় সিভিল ডিফেন্স বলেছেন, ৮ জন সরাসরি আগুনে পুরে গেলেও অপর ৮ জন কালো ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে যান। বিদ্যুতের সটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারনা করছেন। রোববার অগ্নিকান্ডের পরপরই সৌদি আরবের সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং সৌদি সময় রাত ১১ টায় উদ্ধার অভিযান শেষ করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় নিহতদের পরিবারে চলছে শুধুই আহাজারি। গন্ডগোহালি গ্রামের গোফফার হোসেন জানান, আমার দুই ছেলে মোহন ও সুমন ওই কারখানায় কাজ করছিল। রাতে কাজ শেষে তারা সবাই একত্রে ঘুমিয়ে পড়ে। এ সময় ওই কারখানাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ আগুনে আমার দুই সন্তানসহ মোট ৪ জন মারা যায়। আামর ছেলেরা অনেক ঋণ করে সৌদিতে যায়। প্রায় ৮ বছর ধরে কাজকাম করে ঋণ পরিশোধ করে সবেমাত্র বাড়ির কাজ শুরু করেছি। কিছুদিনের মধ্যে আমার ছেলেরা বাড়িতে এসে বিয়ে করার কথা ছিল। কিন্ত ঘাতক এ অগ্নিকান্ড আমার সব স্বপ্নকে চুরমার করে দিল।
উদনপৈ গ্রামের নিহত ফরিদের স্ত্রী সুখি বেগম জানান, আমার স্বামী ঋণ করে গত চার বছর আগে সৌদি আরবে যান। শুরুতে তেমন ভালো কিছু করতে পারেনি। আমাদের এক আত্নীয়ের সুবাদে ওই কারখানায় কজ করছিল। গত রোববার বিকেলেও তার সাথে আমার কথা হয়েছে। আমার এক ছেলে ও এক মেয়ে নিয়ে আমি এখন দিশেহারা। আমার বসতবাড়ি বলতেও তেমন কিছু নেই। সরকারের কাছে আমার দাবি স্বামীর লাশটা যেন দ্রুত আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, সৌদি আরবের রিয়াদ নগরীতে সোফা কারখানায় অগ্নিকান্ডের যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত মর্মান্তিক। ।
নলডাঙ্গা: একই ঘটনায় নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন জন প্রবাসীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ বাতাস। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। নিহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার ৩নম্বর খাজুরা ইউনিয়নের দীঘির পাড় গ্রামের জাকির আলীর ছেলে শামীম হোসেন(৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির আহমেদ শুভ(৩০), মহিশডাঙ্গা গ্রামের আসলাম হোসেনর ছেলে রবিউল আউয়াল হৃদয় (২৫)। এবিষয়ে নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। সোমবার (১০ আগষ্ট) সকালে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান খাঁন মহোদয় নিহত প্রবাসীদের পরিবারকে সমবেদনা জানাতে খাজুরিয়া এলাকায় গিয়েছেন। জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
এদিকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোক বার্তায় তিনি বলেন, “জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এই প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে আমি গভীর শোকাহত এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।” রিয়াদে বাংলাদেশ দূতাবাসও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।


প্রকাশিত: August 11, 2026 | সময়: 4:34 am | সুমন শেখ

আরও খবর