সর্বশেষ সংবাদ :

টগবগে গরম তেলের কড়াইয়ে হাত ডুবিয়ে পেঁয়াজু ভাজে জাব্বার

নুরুজ্জামান, বাঘা: টগবগ করে ফুটছে তেল। কড়াইয়ের ভেতর সোনালি রঙ ধারণ করছে পেঁয়াজু আর বেগুনি। সেই ফুটন্ত তেলের মাঝেই মুহূর্তের জন্য খালি হাত ডুবিয়ে একের পর এক ভাজা খাবার তুলে বিক্রি করছে এক কিশোর। আশ-পাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে বিস্ময়। কেউ মোবাইল ফোনে ভিডিও করছেন, আবার কেউবা অবাক হয়ে তাকিয়ে আছেন। তবু দমেনা এই কিশোর। কারণ ওই তেলের কড়াইয়ে তার জীবন চলে।
রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর গ্রামের এই কিশোরের নাম আব্দুল জাব্বার। পেঁয়াজু-বেগুনির দোকানেই চলছে পড়াশোনা ও সংসারের চাকা। গরম তেলের কড়াইয়ে হাত দেওয়ার অদ্ভুত দক্ষতা তাকে এলাকায় আলাদা পরিচিতি এনে দিলেও তার জীবনের গল্প কেবল বিস্ময়ের নয়! এটি এক সংগ্রাম, দায়িত্ববোধ আর স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার গল্প।
আমোদপুর গ্রামের জামে মসজিদ মোড়ে প্রতিদিন বিকেল গড়াতেই প্রাণ ফিরে পায় ছোট্ট একটি দোকান। সন্ধ্যার পর ক্রেতাদের ভিড়ে জম-জমাট হয়ে ওঠে পুরো এলাকা। দোকানের কাউন্টারে দাঁড়িয়ে জাব্বার একদিকে পেঁয়াজু-বেগুনি ভাজে, অন্যদিকে সামলায় ক্রেতাদের চাহিদা। রাত ১০ টা পর্যন্ত চলে তার ব্যস্ততা। মাঝে মধ্যে সিদ্ধ ছোলা এবং ডিমও বিক্রি করে সে।
এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে জাব্বার। বয়সে তরুণ হলেও পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে অনেক আগেই। বাবার ছোট্ট পেঁয়াজু-বেগুনির দোকান এখন তার হাতে। দোকানের আয় দিয়েই চলে সংসারের নিত্যদিনের খরচ, পাশা-পাশি মেটানো হয় তার লেখা-পড়ার ব্যয়ও।
স্থানীয়দের ভাষ্য, শুধু ব্যতিক্রমী দক্ষতার জন্য নয়, জাব্বারের তৈরি পেঁয়াজু ও বেগুনির স্বাদের কারণেও তার দোকানের আলাদা সুনাম রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ তার দোকানে আসেন। অনেকেই কৌতূহল নিয়ে আসেন গরম তেলের কড়াইয়ে হাত দেওয়ার দৃশ্য দেখতে, আবার অনেকে ফিরে যান পেঁয়াজু-বেগুনির স্বাদের প্রশংসা করে।
পরিবারে চার বোনের পর একমাত্র ছেলে জাব্বার। স্বাভাবিক ভাবেই পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের কাছে সে বিশেষ আদরের। তবে আদরের আড়ালে রয়েছে কঠোর পরিশ্রমের বাস্তবতা। সেই পথচলায় পর্দার আড়ালে বসে তাকে জোগান দেন সহযোদ্ধা মা’ মুঞ্জুরা বেগম। প্রতিদিন বাড়িতে বসে তিনি পেঁয়াজ ও মরিচ কাটা, ময়দা প্রস্তুত করা, ছোলার ঘুগনি তৈরী, বেগুন কাটা সহ বিভিন্ন কাজে সহযোগিতা করেন। এ ছাড়াও দোকানে ক্রেতাদের সামলাতে জাব্বারের পাশে থাকেন তার প্রতিবেশী তিন বন্ধু কিরন, তামিম আর আসিফ।


প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ৫:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর