সর্বশেষ সংবাদ :

রাকাব এসইসিপি প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর স্মল এন্টারপ্রাইজ ক্রেডিট প্রজেক্ট (এসইসিপি)-এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর আলোকা মোড়ের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাকাব-এসইসিপি’র ইউএফও মোহাম্মদ রেজাউল আলম বলেন, ২০০২ সালে নরওয়ে সরকারের অনুদানে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে উত্তর-পশ্চিমাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণের মাধ্যমে প্রায় ৮০ হাজার পরিবারকে স্বাবলম্বী করা হয়েছে। দীর্ঘ প্রায় দুই যুগ ধরে কর্মরত ৪২ জন কর্মকর্তা-কর্মচারী প্রকল্পের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না হওয়ায় চরম বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রকল্পটি লাভজনক হওয়া সত্ত্বেও বারবার সুপারিশ থাকলেও রাকাবের মূল কাঠামোর সঙ্গে একীভূত করা হয়নি। ফলে চাকরিতে যোগদানের সময় থেকে একই গ্রেডে বেতন পাচ্ছেন, কিন্তু ইনক্রিমেন্ট, পিএফসহ বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকল্পের আয় থেকে বেতন-ভাতা প্রদান করা হলেও উর্ধ্বতন কর্মকর্তাদের সুবিধা প্রদান অব্যাহত রয়েছে। অথচ প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করা হয়নি বলে অভিযোগ করেন তারা। কর্মীরা জানান, তাদের দাবির প্রেক্ষিতে রাকাবের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের ১০ জুলাই অর্থ মন্ত্রণালয়ে প্রকল্প জনবলসহ আত্মীকরণের প্রস্তাব পাঠানো হয়। তবে প্রায় এক বছর পার হলেও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—এসইসিপি প্রকল্পকে রাকাবের সঙ্গে দ্রুত আত্মীকরণ, চাকরির শুরু থেকে ইনক্রিমেন্ট ও পিএফ কার্যকর, সরকারি বিধি অনুযায়ী উচ্চতর গ্রেডে উন্নীতকরণ, বকেয়া সুবিধা প্রদান এবং পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন। এছাড়া বর্তমান প্রকল্প পরিচালককে দায়িত্ব থেকে অপসারণের দাবিও জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কলম বিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মীরা। প্রকল্প পরিচালক মো. আব্দুল্লাহ সালাহ উদ্দিন গাজী বলেন, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের সঙ্গে সম্পর্কিত। এখনো কোনো চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা জেলার কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুন ২১, ২০২৬ | সময়: ৪:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর