শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬ গ্রাম হেরোইন ও ১১০ পিস ইয়াবাসহ রাকিবুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ১৫ জুন পরিচালিত এ অভিযানে স্থানীয়ভাবে আলোচিত এই মাদক কারবারিকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা বরেন্দ্র বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। উপপরিদর্শক তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রাকিবুল ইসলামকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৬ গ্রাম হেরোইন ও ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম শ্রীমন্তপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বরেন্দ্র বাজার এলাকার বাসিন্দা। তিনি ফয়েজ উদ্দিন ও রেম বানুর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাকিবুলের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল। বরেন্দ্র বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিস্তারে তার সম্পৃক্ততার বিষয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ছিল। এছাড়া তিনি বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর কথিত সোর্স পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় বরেন্দ্র বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ অভিযানের প্রশংসা করে বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরালোভাবে পরিচালনা করা প্রয়োজন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।