মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীকে একটি আধুনিক, সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয়ের কথা জানান। নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, “জনাব তারেক রহমান অনেক আশা ও আস্থা নিয়ে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করে রাজশাহীর উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।” তিনি বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। অতীতে যারা রাজশাহীর উন্নয়নে কাজ করেছেন, তাদের অবদানকে সম্মান জানিয়ে সেই ধারাবাহিকতাই বজায় রাখা হবে। রাজশাহীর জন্য প্রণীত মাস্টার প্ল্যান এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার আলোকে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।
দায়িত্ব গ্রহণের পরপরই প্রতিষ্ঠানটির কার্যক্রম, চলমান প্রকল্প এবং উন্নয়ন পরিকল্পনাগুলো পর্যালোচনা করবেন উল্লেখ করে আবুল কালাম আজাদ সুইট বলেন, “সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে রাজশাহীর সার্বিক উন্নয়ন আরও গতিশীল করা হবে।” তিনি নগরবাসীর জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “আমার প্রধান লক্ষ্য হলো রাজশাহীকে এমন একটি শহরে পরিণত করা, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে, নিরাপদ পরিবেশে জীবনযাপন করবে এবং নির্মল পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে।” সেবার মান উন্নয়ন এবং নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রয়োজনীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। জনগণ যেন সহজে ও দ্রুত সেবা পায় এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে নিজেদের অংশীদার মনে করে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি বলেন, “সমাজ ও প্রতিষ্ঠান থেকে সকল ধরনের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অতীতে যদি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হয়ে থাকে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ জানাতে আমি সাধারণ মানুষ ও সাংবাদিকদের আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের ভিত্তিতে আরডিএ পরিচালিত হবে। জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
এর আগে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণ করেন আবুল কালাম আজাদ সুইট। এ উপলক্ষে আরডিএ কার্যালয়ে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।
পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজ নগর গঠনের প্রতীকী উদ্যোগ হিসেবে আরডিএ কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন নবনিযুক্ত চেয়ারম্যান। এ সময় আরডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।