শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে কথিত জ্বীনের বাদশা, মাদক বিক্রেতা ও চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার জোনাইল বাজারে বড়াইগ্রাম-চাটমোহর সড়কের পাশে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে এলাকার শত শত মানুষ অংশ নেন।
মানবন্ধনকালে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী আলম, জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ নুর আলী ও আবু সাঈদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ ও সম্পাদক মফিজুল ইসলাম, কলেজ শিক্ষক মুক্তার হোসেন, ব্যবসায়ী আতিকুর রহমান ও নাসির উদ্দিন এবং জাসাস নেতা মহসিন আলী বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রাম এখন কথিত জ্বীনের বাদশা নামক প্রতারকদের আখড়ায় পরিণত হয়েছে। তারা প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে এলাকার ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।
একই ব্যাক্তিরা অনেকটা প্রকাশ্যেই মাদক বিক্রি করে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। চাঁদাবাজী, সন্ত্রাস সহ তাদের দৌরাত্ম থেকে সাধারণ লোকজন কোনভাবেই রেহাই পাচ্ছে না। তাই অবিলম্বে জ্বীনের বাদশা ও মাদকবিক্রেতাদের গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।