সর্বশেষ সংবাদ :

বদলগাছীতে গাভী পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

বদলগাছী প্রতিনিধি: খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি ও আয় বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ জুন দিনব্যাপী বদলগাছী ব্র্যাক অফিসের হলরুমে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্র্যাকের জেলা এরিয়া সেলস ম্যানেজার আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী।
আরো ছিলেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আবুল কালাম আজাদ ও কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী রুবেল হোসেন।
প্রশিক্ষণে গাভী পালনের আধুনিক কৌশল, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, কৃত্রিম প্রজনন প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ ও লাভজনক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব অভিজ্ঞতার আলোকে উৎপাদন বৃদ্ধি ও আয় বৃদ্ধির কার্যকর কৌশল বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
শেষে অংশগ্রহণকারী ৩০ জন খামারিকে নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, খামারিদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা গাভী পালন, পুষ্টি ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন, যা খামারকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে সহায়ক হবে।


প্রকাশিত: জুন ১০, ২০২৬ | সময়: ৩:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ