কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক : রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে

স্টাফ রিপোর্টার: বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে বৃক্ষরোপণের মাধ্যমে নগরজুড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনকালে রাসিক প্রশাসক বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহার বাস্তবায়নের লক্ষ্যে এই ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী এক বছরে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে প্রায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, নগরীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। নগরবাসীর প্রতি গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যথাযথ পরিচর্যা করুন। আসুন সকলে মিলে রাজশাহী মহানগরীকে আরও সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।
তিনি আরও বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, গাছগুলোর স্থায়িত্ব নিশ্চিত করতে যথাযথ পরিচর্যাও নিশ্চিত করা হবে। রাসিকের পরিবেশকর্মীরা নিয়মিত পানি ও নিবিড় পরিচর্যার মাধ্যমে প্রতিটি গাছের সুরক্ষা নিশ্চিত করবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান এবং রাসিকের সচিব সোহেল রানা। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুন ৪, ২০২৬ | সময়: ৪:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ