বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জুবায়ের তুহিন, রাজশাহী :
রাজশাহীর দুর্গাপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী -ভূমিসেবা মেলা-২০২৬। ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : নিরাপদ ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপী ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুর্গাপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে শত শত ভূমি মালিক, সেবাপ্রার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সায়রাত সহকারী মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব সরকারি অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, গোলাম সাকলায়েন ও আব্দুস সামাদ, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
মেলায় নাগরিকদের জন্য রাখা হয়েছে ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা সহায়তা কেন্দ্র। অনলাইনে ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, ই-পরচা, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হচ্ছে। পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা, আইনি বিষয় ও পরামর্শ সেবাও দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে দেশ ডিজিটাল সেবায় ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ভূমি সেবাসহ বিভিন্ন সরকারি সেবা মানুষ এখন ঘরে বসেই গ্রহণ করতে পারছে। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণে আগামীর বাংলাদেশ আরও আধুনিক, শক্তিশালী ও সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, ভূমিসেবা এখন অটোমেশন ব্যবস্থার আওতায় অনেক সহজ, স্বচ্ছ ও জনবান্ধব হয়েছে। সাধারণ মানুষকে ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং সেবা গ্রহণে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ ও সহায়তার জন্য জাতীয় হটলাইন ১৬১২২ চালু রয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেটও বিতরণ করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই ভূমি সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাচ্ছেন এবং তাৎক্ষণিকভাবে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত ও হয়রানি কমাতে সরকার অটোমেশন কার্যক্রম জোরদার করেছে। মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
মেলায় অংশ নেওয়া সাধারণ মানুষ জানান, আগে ভূমি সংক্রান্ত সেবা নিতে দীর্ঘ সময়, দালালচক্র ও নানা জটিলতার মুখোমুখি হতে হতো। এখন এক জায়গায় এসে সহজেই প্রয়োজনীয় তথ্য ও সেবা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে অনলাইন নামজারি, খাজনা প্রদান ও খতিয়ান সংগ্রহ সেবা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে নাগরিকদের তাৎক্ষণিক সেবা, পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মেলার প্রচারণাও অব্যাহত রয়েছে।
সানশাইন /শামি