রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী মডেল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা সাংবাদিক মতিউর রহমানের ওপর সশস্ত্র হামলা, কুপিয়ে জখম এবং তাঁর আঙুল বিচ্ছিন্ন করার ঘটনাকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, সহ-দপ্তর সম্পাদক তাইরান আবাবিল হাসান সোহাগ, জেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক পাভেল ইসলাম শিমুল এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন ওয়াহিদ হিরোসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে।” তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, হামলার প্রধান আসামি ইকবালকে দ্রুত গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনী প্রশংসার দাবিদার। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।


প্রকাশিত: মে ১১, ২০২৬ | সময়: ৪:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর