সর্বশেষ সংবাদ :

উন্নত জাতি গড়তে শিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে: এমপি আজিজ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই চলবে না, নৈতিক জ্ঞানও অর্জন করতে হবে। উঠতি বয়সী শিক্ষার্থীরা মাদকসেবন সহ নানা অপকর্মে জড়িয়ে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। কিশোর শিক্ষার্থীরা রাতেও লেখাপড়া বাদ দিয়ে হাট-বাজারে ঘোরাফেরা করে। শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাই অভিভাবক ও শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভাল মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। শিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে মাদকমুক্ত উন্নত জাতি গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি রোববার বড়াইগ্রামের রয়না ভরট সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিতবিশিষ্ট এক তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভীন, বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান ও সাবেক সম্পাদক রেজাউল করিম, ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শের আলম, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তারুণ্য নির্ভর বাংলাদেশের আহ্বায়ক মেহেদী হাসান নোমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান ও বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
প্রসঙ্গত, এক কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা ব্যয় বরাদ্দে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান রাজ কনস্ট্রাকশন এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।


প্রকাশিত: May 11, 2026 | সময়: 4:26 am | সুমন শেখ

আরও খবর