সর্বশেষ সংবাদ :

সাত বছর পর অপহরণ ও হত্যা মামলার ‘ভিকটিম’ জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার, ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অপহরণ ও হত্যা মামলার ভিকটিম আয়েশা খাতুনকে (২৪) দীর্ঘ সাত বছর পর জীবিত উদ্ধার করা হয়েছে। ৩ মে রাত সোয়া ৮ টার দিকে ভোলাহাট কলেজ মোড় বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাকে জীবিত উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট উপজেলার খালে আলমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন ২০১৯ সালের ৩১ মে দুপুরে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় তার মা আদুরী বেগম আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাকিব বলেন, একই গ্রামের বিআরটিসি বাসের হেলপার আলমগীর আলী মেয়েটিকে রাজশাহীতে দেখে সন্দেহ হওয়ায় তিনি পরিচয় জিজ্ঞাসাবাদ করেন।
সঠিক পরিচয় পেয়ে বিআরটিসি ডিপোর ম্যানেজার ও বাস ড্রাইভারকে বিষয়টি জানান এবং আমাকে অবহিত করেন। বিষয়টি জানার পরে ভোলাহাট থানার ওসির সাথে যোগাযোগ করে পরামর্শ অনুযায়ী আয়েশাকে ভোলাহাটে নিয়ে আসা হয়।
মামালার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন বলেন, রাজশাহীর আলুপট্টি এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় ভিকটিমকে শনাক্ত করে বাসে করে ভোলাহাটে পাঠানো হয়। পরে ভোলাহাট বিআরটিসি কাউন্টার থেকে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, বর্তমানে ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: May 5, 2026 | সময়: 5:28 am | সুমন শেখ