সর্বশেষ সংবাদ :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৬ তারিখ তাদেরকে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকার এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আনীত অভিযোগ তদন্তের জন্য গঠিত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের আনীত যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগসমূহ সম্পর্কে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে পূর্বে গৃহীত সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
এছাড়া রিপোর্টে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট, ১৯৭৩ এর ৫৫(৩) ধারার আওতায় হওয়ায় বিধি অনুযায়ী চার্জ গঠন ও চূড়ান্ত শাস্তি প্রদানের জন্য পৃথক পৃথক ইনকোয়ারি কমিটিও গঠন করা হয়েছে।


প্রকাশিত: February 18, 2025 | সময়: 6:45 am | সুমন শেখ

আরও খবর