, , ।
পাবিপ্রবি প্রতিনিধি:
শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ জানুয়ারি) জুমা নামাজের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি মসজিদের সামনে থেকে প্রশাসনিক ভবন, স্বাধীনতা চত্বর হয়ে স্বাধীনতা হল, জুলাই ৬ হলের সামনে দিয়ে ঘুরে এসে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে মিছিলটি শেষ হয়।
মিছিল চলাকালে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখার সদস্য আবু বকর সিদ্দিক মুন্না বলেন, “আজকের মতই কোন এক শুক্রবারে আমাদের প্রিয় ভাই শরিফ ওসমান হাদীকে শহীদ করা হয়। আজ শুক্রবারের পরে শুক্রবার যায় তারপরও আমরা ভাইয়ের হত্যার বিচার পাইনি। আমরা ইন্টেরিমকে বলে দিতে চাই হাদি ভাইয়ের মতো আমরাও রাজপথে আছি। যতদিন এই বাংলার জমিনে ইনসাফ কাইম হবেনা, বিজয় সমন্বিত হবেনা, ততদিন আমরা রাজপথে রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ”।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু সামা বলেন, বিগত সতের বছরে আওয়ামী সরকার নানাভাবে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে এসেছে। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ৩৬ শে জুলাই সহস্র শহীদের প্রাণের বিনিময়ে আমরা বাংলার জমিন থেকে এই ফ্যাসিবাদী হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাসিবাদের দোসররা সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এদেশে পুনরায় ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চাচ্ছে। যে রক্তের উপর দাঁড়িয়ে ইন্টেরিম ক্ষমতা এসেছে আজ ইন্টেরিম সেই রক্তের সাথেই বেইমানি করছে। আজ একমাস পেরিয়ে গেলেও হাদী ভাইয়ের হত্যার বিচার পাইনি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যতদিননা আমরা হাদী হত্যার বিচার পাবো ততোদিন রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ।
আল আমিন/শামি