সর্বশেষ সংবাদ :

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের ব্যক্তিগত সহকারী হাসিনুর ইসলাম ওরফে সজলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) দিবাগত রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
গ্রেপ্তারকৃত হাসিনুর ইসলাম সজল নগরীর শাহ মখদুম থানার দক্ষিণ নওদাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি সাইনুদ্দীন সান্টুর ছেলে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার আগেই তিনি সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত হন। প্রথমে ব্যক্তিগত ব্যবসা দেখাশোনা করলেও পরে নিয়োগ-বদলি বাণিজ্য ও বিভিন্ন তদবিরের মাধ্যমে বিস্তৃত প্রভাব গড়ে তোলেন। এর মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন বলে স্থানীয়দের অভিযোগ।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রকিবুল হাসান ইবনে রহমান জানান, গ্রেপ্তার সজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ও মামলার ধারা সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


প্রকাশিত: June 24, 2025 | সময়: 4:23 am | সুমন শেখ

আরও খবর