, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় রাজশাহীতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দায়ী ছাত্রদল কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা।
শনিবার (৩১ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির মহানগর শাখার সভাপতি মোহাঃ শামীম উদ্দীন ও সেক্রেটারি ইমরান নাজির বলেন, রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকার আহনাফ তাহমিদ অর্জন নামের এক ছাত্রদল কর্মী ৩০ মে তার ফেসবুক অ্যাকাউন্টে ‘শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে’ এমন একটি উসকানিমূলক ও সন্ত্রাসী বক্তব্য পোস্ট করে, যা স্পষ্টভাবে ঘৃণা ও সহিংসতার প্রকাশ।
ছাত্রশিবির নেতারা বলেন, এই বক্তব্য কোনোভাবেই একজন সচেতন নাগরিকের হতে পারে না। এটি নিছক ব্যক্তিগত মতামত নয়, বরং ছাত্রদলের একটি অংশের ভেতরে লুকিয়ে থাকা সহিংস ও অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ। এর ফলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের মাঝে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশে যখন মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে, ঠিক তখনই একটি রাজনৈতিক সংগঠনের কর্মীর এই ধরনের বক্তব্য স্পষ্ট করে দেয় যে, এখনো রাজনৈতিক প্রতিপক্ষকে সহ্য করতে না পারার মানসিকতা অনেকের মধ্যে রয়ে গেছে। আমরা মনে করি, এই হুমকি শুধু ছাত্রশিবির নয়, দেশের শান্তি ও স্থিতিশীলতার ওপরও একটি বড় হুমকি।
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও রয়েছে।
ছাত্রশিবির নেতারা আরও বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানাই, উক্ত উসকানিমূলক পোস্টদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে আমরা আশা করি, ছাত্রদল এ ধরনের হীন কর্মকাণ্ড থেকে বিরত থেকে একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ করবে।