সর্বশেষ সংবাদ :

তুরস্কে জুয়া কেলেঙ্কারি, ১৫০-র বেশি রেফারির বিরুদ্ধে তদন্ত শুরু

স্পোর্টস ডেস্ক: তুরস্কের ফুটবল রেফারিদের বিরুদ্ধে অবৈধ বেটিং বা জুয়ায় অংশ নেওয়ার অভিযোগে ব্যাপক তদন্ত শুরু করেছে দেশটির প্রসিকিউশন কর্তৃপক্ষ। দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ)-এর প্রেসিডেন্ট ইব্রাহিম হাজিওসমানওলুর বিস্ফোরক অভিযোগের পর এই তদন্ত আনুষ্ঠানিক রূপ পেয়েছে।
রবিবার ইস্তানবুলের প্রধান সরকারি কৌঁসুলির দপ্তর এক বিবৃতিতে জানায়, টিএফএফ সভাপতি হাজিওসমানওলুর সাম্প্রতিক মন্তব্যগুলোকে তারা ‘আনুষ্ঠানিক অভিযোগ’ হিসেবে বিবেচনা করে চলমান মামলার অংশ করেছে। গত সপ্তাহে হাজিওসমানওলু দাবি করেন, তুরস্কে ৩৭১ জন রেফারির বেটিং অ্যাকাউন্ট আছে, এর মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে জুয়ায় অংশ নিচ্ছেন। তবে কীভাবে এই তথ্য সংগ্রহ করা হয়েছে, তা তিনি বিস্তারিত জানাননি।
যদিও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে, ইস্তানবুল প্রসিকিউটর কার্যালয় আসলে কয়েক মাস আগেই তদন্ত শুরু করেছিল। গত এপ্রিল মাসে অভিযোগ ওঠে, কিছু রেফারি ফুটবল ম্যাচ পরিচালনার পাশাপাশি অবৈধ বেটিংয়ে যুক্ত। এরপর আন্তালিয়া প্রসিকিউটর দপ্তরও রেফারি কমিটির (এমএইচকে) বিরুদ্ধে অন্যান্য রেফারিদের অভিযোগের ভিত্তিতে আলাদা তদন্ত শুরু করে। পরে এখতিয়ারের কারণে দুটি মামলাই একত্রে ইস্তানবুলে স্থানান্তর করা হয়।
প্রসিকিউটর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, অবৈধ বেটিং তুর্কি সমাজে ‘অর্থনৈতিক ও সমাজতাত্ত্বিক ক্ষত’ হয়ে দাঁড়িয়েছে। তারা জানায়, ‘এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমরা ধারাবাহিক ও দৃঢ় লড়াই চালিয়ে যাচ্ছি।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘২৭ অক্টোবর টিএফএফ সভাপতি ইব্রাহিম হাজিওসমানওলুর বেটিং অ্যাকাউন্ট থাকা রেফারি বিষয়ে দেওয়া বক্তব্যকেও চলমান তদন্তের আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে।’
প্রসিকিউটররা জানিয়েছেন, সংশ্লিষ্ট রেফারিদের সনাক্ত করে তুরস্কের একাধিক আইন ভঙ্গের অভিযোগে তাদের তদন্ত করা হবে। এর মধ্যে রয়েছে-ক্রীড়াঙ্গনে সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ আইন, ক্রীড়া ক্লাব ও ফেডারেশন আইন এবং ফুটবল ও অন্যান্য খেলায় বেটিং ও জুয়ার আয়োজন আইন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমান তদন্ত আরও গভীরভাবে চালানো হবে। যদিও এই ঘোষণার পর দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে তুরস্কের ফুটবলে জুয়ার প্রভাব নিয়ে, তবে এখন পর্যন্ত প্রসিকিউটর দপ্তর কোনো ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তদন্তের অন্তর্ভুক্ত করেনি।


প্রকাশিত: October 29, 2025 | সময়: 2:43 am | সুমন শেখ

আরও খবর