সর্বশেষ সংবাদ :

বৃষ্টি ভেজা কাঠগোলাপের শহরে

ইবতিদা ফেরদৌস: বৃষ্টি যখন নামে, রাজশাহী শহরটা যেন একটু থেমে দাঁড়ায়। আর ঠিক তখনই শহরের প্রতিটি মোড়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাঠগোলাপ গাছগুলো চোখ মেলে তাকায়। যেন অনেকদিনের ধুলো আর ক্লান্তির পর অবশেষে প্রকৃতি তাদের ধুয়ে-মুছে আবার নতুন করে সাজিয়েছে।
রাজশাহীর বিনোদপুর, কাজলা, সাহেববাজার, সোনাদীঘি, কাদিরগঞ্জ, নগরভবণ প্রতিটি এলাকার প্রধান সড়কের মাঝখানের ডিভাইডারে দাঁড়িয়ে থাকা কাঠগোলাপ গাছগুলো যেন এই শহরের নিরব পাহারাদার। দিনের পর দিন, রোদের তাপে বিবর্ণ হওয়া এই গাছগুলো বৃষ্টির ছোঁয়ায় যেন এক নতুন জীবন পেয়ে যায়।
ডিভাইডারের মাঝে থাকা ফুলগাছগুলোকে অনেকেই খেয়াল করেন না। ব্যস্ত জীবনের ট্রাফিক সিগন্যালে থেমে থাকার সময় এক চোখে তাকিয়ে আবার সরে যান। কিন্তু বৃষ্টির দিনে, যখন সেই ফুলগাছে পানির ফোঁটা জমে ঝরে পড়ে, তখন তারা কেবল গাছ নয় তারা হয়ে ওঠে জীবন্ত চিত্রকল্প।
বিশ্ববিদ্যালয় গেট থেকে কাজলা,রেলগেট থেকে রাজীব চত্বর এছাড়াও শহরের বিভিন্ন মোড়ে, রাস্তার দুই পাশে এবং মাঝে শোভা পাচ্ছে কাঠগোলাপের সারি। গোলাপি আর সাদা রঙের মিশেলে রাস্তার ধূসরতা যেন কেটে যায় কাঠ গোলাপের রঙে।
একজন মোটরসাইকেল আরোহী ফারহান নগর ভবন মোড়ে রেইনকোট পরে দাঁড়িয়ে ছিলেন। বললেন, প্রতিদিন এই রাস্তায় যাই। কিন্তু আজ বৃষ্টিতে কাঠগোলাপের নিচ দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল, কোনো গানের ভিডিওতে আছি।
আরেকটু সামনে, উপশহরের এক গলিতে ছাতা হাতে দাঁড়িয়ে ছিলেন স্কুলশিক্ষিকা লাবনী রহমান। তাঁর চোখ ছিল রাস্তার মাঝখানে ডিভাইডারের দিকে। বললেন, এই গাছগুলোকে আমি সবসময় দেখি। কিন্তু আজ মনে হলো ওরা যেন আমাদের জন্য ফুটে উঠেছে। কেমন যেন গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে।
বৃষ্টির জলে যখন কাঠগোলাপের পাপড়ি ঝরে পড়ে, রাস্তার পাশে তা জমে থাকে নিঃশব্দে। সাদা ও হলুদ পাপড়ির ছিটে যেন শহরের গায়ে কেউ আলতো করে হাত বুলিয়ে দিয়েছে।
সাহেববাজারের পুরনো গলি ধরে হেঁটে গেলে দেখা যায়, একপাশে ফুটেছে কাঠগোলাপ, আর অন্যপাশে ছড়িয়ে পড়েছে তার ঘ্রাণ। কোনো শব্দ নেই শুধু বৃষ্টি আর ফুলের নিরব ভাষা।
এই শহরে এখন আর শুধু মানুষই হাঁটে না, হাঁটে ফুলের সুবাস, বৃষ্টির গান আর মনের প্রশান্তি। কাঠগোলাপ গাছগুলো এই শহরের নিরব কবি হয়ে উঠেছে যারা কথা বলে না, শুধু দাঁড়িয়ে থাকে, আর বলে “দেখো, আমি আছি, আমি ফুটেছি, তোমার জন্য।”
রাজশাহীর মানুষ এখন যেন বৃষ্টির দিনে একটু বেশিই বাইরে থাকে। কেউ হয়তো কেবল কাঠগোলাপের নিচে দাঁড়িয়ে থেকে মন ভালো করে নিচ্ছেন, কেউ মোবাইলে ছবিও তুলে রাখছেন।
বৃষ্টিতে ভেজা রাজশাহী এখন আর শুধু শহর নয় এ এক প্রেমের গল্প, যেখানে ফুল, রাস্তা, বৃষ্টি আর মানুষ সবাই মিলে জড়িয়ে আছে একসাথে। আর সেই গল্পের সবচেয়ে সুন্দর দৃশ্যটা জমে আছে কাঠগোলাপের পাপড়ির নিচে।


প্রকাশিত: May 25, 2025 | সময়: 4:25 am | সুমন শেখ