, , ।
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশকে দেশের রাজস্ব ব্যবস্থা ও রাজস্ব প্রশাসনে অস্থিরতা সৃষ্টিকারী এবং রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) এবং কর আইনজীবী সমিতি রাজশাহী।
বুধবার (২১ মে) করভবন রাজশাহীতে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তি বিষয়ক প্রণীত, একটি অধ্যাদেশ পাস করা হয়েছে। এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বতন্ত্র রাজস্ব সংস্থাটি বিলুপ্তি হবে, যা রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে গভীর শূণ্যতা সৃষ্টি করবে এবং দেশের রাজস্ব ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হবে।
বর্তমানে এনবিআরকে সংস্কার করে আরও শক্তিশালী করা প্রয়োজন। সেটা না করে উল্টো পথে হাঁটছে অর্ন্তবর্তী সরকার। এর ফলাফল কখনোই দেশের জন্য মঙ্গলজনক হবে না। জাতীয় রাজস্ব বোর্ড শত বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজস্ব সংগ্রহ ও প্রশাসনের জন্য একটি স্বাধীন ও স্বতন্ত্র রাজস্ব কর্তৃপক্ষ থাকা অত্যাবশ্যক।
বিশ্বের প্রায় সব দেশেই এ ধরনের সংস্থা বিদ্যমান, যা রাজস্ব ব্যবস্থাপনায় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। আমরা কর আইনজীবীরা বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার প্রধান অংশীজন, অথচ আমাদের সঙ্গে কোনও ধরনের আলোচনা বা মতবিনিময় করা হয়নি। অংশীজনদের মতামত ছাড়া কোনও গবেষণা ব্যতীত তড়িঘড়ি করে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ, উপদেষ্টা পরিষদ কার স্বার্থে অনুমোদন দিলো, এটা জাতি জানতে চায়। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত পাসকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে । আমরা প্রয়োজনীয় সব সংস্কারের পক্ষে, রাজস্ব বোর্ড বিলুপ্তির পক্ষে নই। প্রয়োজনে আয়কর নীতি বিভাগকে সংস্কার করে আরও শক্তিশালী করা যেতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ড কোনও ব্যর্থ প্রতিষ্ঠান নয়। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্তি না করে , রাজস্ব সংস্কারের সবচেয়ে প্রয়োজনীয় কার্যক্রমগুলো, যেমন টেকসই রাজস্বনীতি প্রণয়ন, রাজস্ব বিষয়ক আইনগুলো প্রয়োজনীয় সংশোধন, রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়ণ ও অটোমেশন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক সামর্থ বৃদ্ধিসহ অন্যান্য গুরত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে পরামর্শ দিচ্ছি । প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কর আইনজীবী সমিতির সভাপতি ও বিটিএলএ এর সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ ফজলে করিম, সমিতির সাধারণ সম্পাদক ও বিটিএলএ এর ডেপুটি সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোঃ মুনতাসীর মামুন ,ভাইস প্রেসিডেন্ট ও বিটিএলএ এর টাস্ক ফোর্স মেম্বার এ্যাডভোকেট শাহীন আহমদ ,এ্যাডভোকেট মোঃ রহমতুল্লাহ ওয়ারেছী , প্রাক্তন সভাপতি কে এম ইলিয়াস, এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম , চাঁপাই নবাবগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সভাপতি এ্যাডভোকেট মোঃ লুৎফর রহমান এবং সমিতির আরও অন্যান্য সদস্যবৃন্দ ।