বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বৈষ্ণব গোসাই এর আশ্রমের গাছের আম পাড়াকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে মারামারি হাতাহাতি ও দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় ২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফকির চাঁদ বৈষ্ণব গোসাইয়ের আশ্রমের আম বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ২ রাউন্ড ব্যবহৃত গুলির কার্তুজ উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোসাই আশ্রমে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানে আম পাড়তে গেলে মিল্টন ও তার লোকজন বাধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।
এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। মিল্টনের লোকেরা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে স্থানীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাসির উদ্দিনের দাবি তার আশ্রমের বাগানের আম তিনি ক্রয় করেছেন।
আশ্রমের সভাপতি সঞ্জয় কুমার কর্মকার জানান, নাসির উদ্দিনের কাছে আশ্রমের বাগানের আম ক্রয় বিক্রয় করা হয়েছে। আম গাছ থেকে পাড়তে গেলে তাকে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্খিত।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোমিনুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ রাউন্ড ব্যহৃত কার্তুজ উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সন্ধ্যায় নাটোরের আতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) সুভন চন্দ্র হোড় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।