নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জসহ ৫ জেলায় বজ্রপাত একদিনে প্রাণ গেলো ১১ জনের

স্টাফ রিপোর্টার: নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জসহ ৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও হবিগঞ্জে একজন মারা গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া: বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন, শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)। এসময় হামিদা বেগম (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
কিশোরগঞ্জ: দুপুরে জেলার পৃথক স্থানে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। তারা হলেন, উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫) ও কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। এছাড়া আহত হয়েছেন জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।
চাঁপাইনবাবগঞ্জ: ধান কাটার সময় বিকেলে সদর উপজেলার বুলনপুর গ্রামে বজ্রপাতে মো.কাইমুল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ: বিকেল ৫টার দিকে জেলার আজমিরীগঞ্জে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।
নওগাঁ: নওগাঁর মান্দায় বজ্রপাতের ঘটনায় এক কৃষক নিহত ও আরেক কৃষক আহত হয়েছেন। রবিবার বিকেল ৪টার দিকে মাঠে শুকানো ধান জড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।
নিহত কৃষকের নাম জিল্লুর রহমান (৪০)। তিনি কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে। বজ্রপাতে আহত শফিকুল ইসলাম একই পাড়ার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, বিকেলে আকাশে মেঘ দেখে কৃষক জিল্লুর রহমান লোকজন নিয়ে মাঠে শুকানো ধান জড়িয়ে রাখার জন্য যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ সময় পাশের জমিতে থাকা অপর কৃষক শফিকুল ইসলাম আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


প্রকাশিত: মে ১২, ২০২৫ | সময়: ৪:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ