বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মঙ্গলবার বিকাল ৬ টা ও সোয়া ৬ টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনেই ওই এলাকার সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মা নদীর আলীমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, ৬টার দিকে রিফাত ও সোয়া ৬ টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে অন্যদিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হোন সাকিরুল ইসলাম নামে এক যুবক। তাকে উদ্ধারে চেষ্টা চলছে। সাকিরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।